দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রিজভী
একটি চিহ্নিত চক্র খুন ও সহিংসতার মাধ্যমে দেশে অস্থিরতা-অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার (১৮ নভেম্বর) বিকালে ফরিদপুরের ভাঙ্গায় নিহত উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার জানাজাপূর্ব সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, দুর্বৃত্তরা পৈশাচিক নির্যাতনে রাজু মোল্লাকে নির্মমভাবে হত্যা করেছে। বিদেশে বসে নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতারা তাদের অনুসারীদের দিয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। এ হত্যাকাণ্ডকে মর্মান্তিক ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার এই ষড়যন্ত্র রুখতে কঠোর অবস্থান নেওয়ার কোনো বিকল্প নেই। সরকার ও জনগণকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধভাবে এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
সমাবেশে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেন, নিক্সন চৌধুরীর নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এর পেছনে তাদের পলায়নকারী নেত্রীর মদদ রয়েছে। তিনি বলেন, যারা এ ধরনের হামলা চালাতে আসবে, তাদের বিষদাঁত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে।
আরও পড়ুনসমাবেশ শেষে রুহুল কবির রিজভী নিহত রাজু মোল্লার জানাজায় অংশ নেন। জানাজায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ২৫ জনকে আটক করেছে। তবে হত্যাকাণ্ডের ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







