শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার পর আলোচনায় এসেছিলেন তিনি।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ২০১৮ সালে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন মাওলানা মুফতি রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।
বায়তুল মোকাররমের খতিবের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মাওলানা মুফতি রুহুল আমিন। এর প্রায় ৬ সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে মসজিদে গেলে খুতবা চলাকালীন মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারী এবং উপস্থিত মুসল্লি ও অপর পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়।
মসজিদে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনার দুই দিন পর ২২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদ থেকে অপসারণ করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








