প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, কে হচ্ছেন ইতালির কোচ?
স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর অন্তত এক বছরের বিরতিতে থাকার সিদ্ধান্তে অনড় থাকায় ইতালি জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পেপ গার্দিওলা।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) গার্দিওলার সঙ্গে যোগাযোগ করলেও শুরু থেকেই তিনি আগ্রহ দেখাননি। ইতালির ক্রীড়া দৈনিক ‘লা গাজেত্তা দেলো স্পোর্ত’ও জানিয়েছে, ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।
গার্দিওলার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইতালির দায়িত্ব নিয়ে আলোচনা কার্যত শুরুর আগেই শেষ হয়ে যায়। কারণ, ম্যানচেস্টার সিটির টানা ১০ বছরের দায়িত্ব শেষ করে তিনি এখন ব্যক্তিগত জীবনকে সময় দিতে চান এবং অন্তত এক বছরের জন্য কোচিং থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে এই বিরতি স্থায়ী হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন ওই সূত্র। বিশ্রাম শেষে ভবিষ্যতে কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহী হতে পারেন গার্দিওলা। এ কারণেই ইতালির পাশাপাশি আরও কয়েকটি দেশও সম্প্রতি তার সঙ্গে যোগাযোগ করেছে। যদিও সেসব দেশের নাম নিশ্চিত করা হয়নি, তবে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের আগ্রহের খবর এর আগে প্রকাশিত হয়েছিল।
এদিকে ইতালির নতুন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানিয়েছেন, গার্দিওলার পাশাপাশি বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তবে ২০৩০ সাল পর্যন্ত ব্রাজিলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তিনিও ইতালির প্রস্তাবে সাড়া দেননি। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে বিদায় নিলেও আনচেলত্তি ব্রাজিলের দায়িত্বে বহাল রয়েছেন।
আরও পড়ুন২০২৬ বিশ্বকাপের প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিলে পদত্যাগ করেন ইতালির কোচ জেন্নারো গাত্তুসো। এরপর থেকেই নতুন কোচের খোঁজ শুরু করে এফআইজিসি।
গার্দিওলা ও আনচেলত্তি প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এখন ইতালির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কয়েকজন পরিচিত নাম। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন ইউরো ২০২০ জয়ী সাবেক ইতালি কোচ রবার্তো মানচিনি, ২০০৬ বিশ্বকাপজয়ী আন্দ্রে পিরলো এবং অভিজ্ঞ কোচ আন্তোনিও কন্তে।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি সাম্প্রতিক বছরগুলোতে বড় টুর্নামেন্টে ধারাবাহিকভাবে হতাশাজনক পারফরম্যান্স করছে। সেই ব্যর্থতার ধারা কাটাতে অভিজ্ঞ একজন কোচকে দায়িত্বে আনতে চাইলেও গার্দিওলাকে না পাওয়ায় শেষ পর্যন্ত দেশীয় কোনো কোচের দিকেই ঝুঁকতে পারে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।
মন্তব্য করুন








