ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৮:৩০ পিএম

করতোয়া খনন ও ড্রোন কারখানার উদ্বোধন

দুই যুগ পর বগুড়ায় সাংগঠনিক সভায় যোগ দিচ্ছেন তারেক রহমান

দুই যুগ পর বগুড়ায় সাংগঠনিক সভায় যোগ দিচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার : দায়িত্ব গ্রহণের পর ৫ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো নিজ জেলা বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে ঘিরে কেবল রাজনৈতিক অঙ্গনই নয়, প্রশাসনিক ও সাধারণ মানুষের মাঝেও ব্যাপক প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।

সফরসূচি অনুযায়ী তিনি উত্তরাঞ্চলের করতোয়া নদী খননকাজ উদ্বোধন, দেশে প্রথম ড্রোন তৈরির কারখানার উদ্বোধন এবং দীর্ঘ প্রতীক্ষিত নবগঠিত  মোকামতলা উপজেলা ও পৌরসভার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগুড়া সিটি কর্পোরেশন এলাকা ও শহরতলীর সড়কসমূহ সংস্কার এবং পরিচ্ছন্নতা অভিযানে জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে। বগুড়া বিমানবন্দর থেকে শহরে প্রবেশের মূল সড়ক, পার্ক রোডসহ ভিআইপি রুটগুলোর সৌন্দর্যবর্ধন ও মেরামতের কাজ দিনরাত চলছে।

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়ক সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে। শহীদ টিটু মিলনায়তনে সাংগঠনিক সভাকে কেন্দ্র করে ইতোমধ্যে ভেন্যুর আধুনিকায়ন ও মেরামতের কাজ শুরু হয়েছে।

মিলনায়তনের মূল আসনসংখ্যা ৯৯৬টি হলেও ২৭টি সাংগঠনিক ইউনিটের মোট ১১৫০ জনের মতো নেতা-কর্মীর সমাগম ঘটবে। মিলনায়তনের গ্যাপগুলোতে সাময়িকভাবে বাড়তি চেয়ারের ব্যবস্থা করা হচ্ছে। পার্ক রোডের দীর্ঘমেয়াদি সংস্কারকাজও দ্রুততম সময়ে চলাচলের উপযোগী করতে প্রস্তুত রাখা হচ্ছে।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন (এমপি) জানান, প্রধানমন্ত্রী আকাশপথে বগুড়া বিমানবন্দরে অবতরণ করবেন। এরপরে বগুড়া বিমানবন্দরে পৌঁছেই প্রধানমন্ত্রী ড্রোন তৈরি/সংযোজন কারখানার শুভ উদ্বোধন করবেন, যা দেশের প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শিবগঞ্জের মোকামতলায় যাবেন। সেখানে নবগঠিত উপজেলা ও পৌরসভার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক বিশাল জনসভায় বক্তব্য রাখবেন।

আরও পড়ুন

মোকামতলার কর্মসূচি শেষ করে তিনি পার্শ্ববর্তী জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাবেন। সেখানে বহু প্রতীক্ষিত পলি-ভরাট ও নাব্য হারানো ঐতিহাসিক করতোয়া নদী পুনঃখনন প্রকল্পের ফলক উন্মোচন ও কাজের সূচনা করবেন।

গোবিন্দগঞ্জ থেকে বগুড়া ফিরে প্রধানমন্ত্রী শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির হাই-কমান্ড ও তৃণমূল নেতাদের সাথে সাংগঠনিক সভায় অংশ নেবেন। জেলা বিএনপির ১৫১ সদস্যের নির্বাহী কমিটি, ২৭ জন উপদেষ্টা, উপজেলা, সিটি ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবর্গসহ মোট ১১৫০ জনের মত প্রতিনিধি এতে অংশ নেবেন।

জেলা বিএনপির শীর্ষ নেতারা জানান, দীর্ঘ প্রায় দুই যুগ পর তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা সরাসরি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর সামনে উপস্থিত থেকে সাংগঠনিক নির্দেশনা শোনার সুযোগ পাচ্ছেন। ফলে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে উৎসবের মতোই আমেজ বিরাজ করছে।

এর আগে গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর করেছিলেন। সেই সফরে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন, ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বিশাল জনসভায় ভাষণ দান এবং প্রায় দুই দশক পর গাবতলীর বাগবাড়িস্থ তার পৈতৃক ভিটা ‘জিয়া বাড়ি’ পরিদর্শন করেন। একই সাথে তিনি চৌকিরদহ খাল খননকাজেরও শুভ সূচনা করেছিলেন।

এই সফরের কয়েক মাসের মধ্যেই প্রধানমন্ত্রী আরও এক দফায় বগুড়া সফরে আসবেন এবং সে সময় বগুড়ার মহাসড়ক সংযোগ, রেলওয়ে এবং আঞ্চলিক পরিকাঠামোর বেশ কয়েকটি বড় বড় মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯৫ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন ফি ১১২ টাকা

১

বগুড়ার আদমদীঘিতে ১৫ লিটার চোলাই মদসহ একজন গ্রেফতার

২

যৌতুক হিসেবে গাড়ি দাবি বরের, খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভাঙল কনেপক্ষ

৩

কাবিলার মুখে হয়তো ‘আঁর ইভা’ ডাক আর শোনা হবে না: ইভানা

৪

দুই যুগ পর বগুড়ায় সাংগঠনিক সভায় যোগ দিচ্ছেন তারেক রহমান

৫

সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ

৬