আতাউর রহমান মিটন
আর কত লোকসান দেবে
কথায় বলে, কারও পৌষ মাস আর কারও সর্বনাশ! এবার আবহাওয়া ভাল থাকায় কৃষকের সব্জি আবাদ এত্ত ভাল হয়েছে যে, পঞ্চগড়ে লাউ বিক্রি হয়েছে প্রতিটি ৫-৮ টাকা আর মেহেরপুরে ফুলকপি বিক্রি হয়েছে ৮-১২ টাকা দরে। বাজারে এখন সব্জির দাম কম। তাতে খুশী ভোক্তা এবং সরকার। কিন্তু কৃষকের মাথায় হাত! কৃষকের মনে স্বস্তি নেই! তার উৎপাদন খরচ উঠছে না। গণমাধ্যম কর্মীদের কাছে প্রশ্ন রাখছে কৃষক, ‘আমরা আর কত লোকসান দেব?’
বাংলাদেশের কৃষি সমস্যা সারাদেশে একরকম নয়। দক্ষিণাঞ্চলের কৃষি সংকট লবণাক্ততা ও আবার উত্তরাঞ্চলের কৃষি খরাপীড়িত। পাহাড়ের কৃষি তার স্বকীয়তা হারাতে বসেছে, বাড়ছে পাহাড় বা ভূমিধ্বস। দেশে এত্ত মানুষের খাবারের যোগান নিশ্চিত করে যে কৃষিখাত তা নিয়ে আমাদের গণমানুষের মধ্যে আগ্রহ ঠিক কতখানি তা নিয়ে আমার সন্দেহ হয়। মানুষের আগ্রহ কম বলেই কি সরকার কৃষি ও কৃষকের প্রতি এত উদাসীন? আমাদের খাবার টেবিলে প্রতিদিন নানাবিধ খাবারের যোগান দেয় যে কৃষক তার ঘরেই খাদ্য সংকট।
নভেম্বরের হঠাৎ বৃষ্টি নষ্ট করেছে বহু কৃষকের আমন ধান। যারা ফলন ঘরে তুলতে পেরেছেন তারা পাচ্ছেন না নায্য দাম। সরকার যে পরিমাণ এবং দরে ধান ক্রয়ের ঘোষণা দিয়েছে তা কৃষকের উৎপাদন খরচের সমান। ঋণের ভারে জর্জরিত কৃষক। বেঁচে থাকার জন্য অন্য কোন উপায় নেই জন্য কৃষক এখনও কৃষি কাজ করে যাচ্ছেন। এই দুষ্টচক্র ভেঙে সমৃদ্ধির পথে কৃষি ও কৃষককে এগিয়ে নিতে সরকারের বিদ্যমান নীতি-সহায়তা প্রশ্নবিদ্ধ। পুরানো ব্যবস্থাতেই কৃষি চলছে, নতুনের বাস্তবতা এখনও অভিযোজিত নয়।
রাজনৈতিক সরকারকে সাধারণ মানুষ পছন্দ করে কারণ দেশে দেশে রাজনৈতিক সরকার তার জনপ্রিয়তা ধরে রাখার জন্যেই হোক বা সত্যিকারের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই হোক, সাধারণের স্বার্থে নীতি প্রণয়ন করেন। এটাকে অনেকেই ‘পপুলিষ্ট’ নীতি বলে সমালোচনা করেন। আমি মনে করি, পপুলিষ্ট হওয়াটা দোষের নয়। সাধারণ মানুষ, কষ্টে থাকা জনগোষ্ঠী বা পিছিয়ে থাকা জনপদের কল্যাণে সরকার যদি বাড়তি কোন সুবিধা দেয়, বিশেষায়িত কর্মসূচী গ্রহণ করে সেটা অবশ্যই প্রশংসার দাবীদার।
আমরা রাজনৈতিক সরকারের কাছে সেটাই প্রত্যাশা করি। যেমন, আমরা প্রত্যাশা করি সরকার কৃষকের কাছ থেকে নায্যদামে ফসল কিনবে। বাজারে যেন খাদ্যমূল্য স্থিতিশীল থাকে তার জন্য সরকারি সহায়তা বৃদ্ধি করবে। অর্থাৎ সরকারি ক্রয়-বিক্রয়ে লক্ষ্য থাকবে সাধারণ উৎপাদক ও ক্রেতার স্বার্থ সুরক্ষা তথা স্বস্তিময় করা। জাপানেও সেটা করা হয়। সম্প্রতি সে দেশে সরকার খাদ্যমূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য মূল্য সংযোজন কর কমিয়ে দিয়েছে। আবার কৃষি খাতে প্রচুর সরকারি প্রণোদনা থাকছে। লক্ষ্য হলো, কৃষি সাথে জড়িতরা যেন উৎপাদন বিমুখ না হোন আবার ভোক্তা যেন খাদ্য মূল্যবৃদ্ধির যাতাকলে পিষ্ট না হোন।
এবার সরকার পেঁয়াজ আমদানি করেনি। কৃষক উৎপাদন বাড়িয়েছে, সরকারের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে, বাজার স্থিতিশীল রয়েছে। অন্যদিকে আবার আলু চাষের ভরা মৌসুমে বিপাকে রয়েছে কৃষক। নভেম্বর মাস শেষ হচ্ছে কিন্তু এখনও হিমাগারে প্রায় ১০ লাখ টন আলু জমা রয়েছে। কৃষক লোকসানের ভয়ে আলু তুলছে না। হিমাগারের মালিকদেরও কপালে দুঃশ্চিন্তার ভাঁজ। নতুন আলু উঠতে শুরু করেছে। কিছুদিনের মধ্যে হিমাগার খালি না হলে নতুন আলু রাখা সম্ভব হবে না। এমতাবস্থায়, আমরা সরকারের কাছে জরুরি পদক্ষেপ চাই। সরকারের পদক্ষেপের লক্ষ্য হতে হবে সরাসরি কৃষকবান্ধব, কৃষিসমৃদ্ধি অভিমুখী। কৃষক সমবায় গঠন এবং সমবায়ের মাধ্যমে কৃষি উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা শক্তিশালী করার ওপর গুরুত্ব দিতে হবে। কৃষক যেন বাজার নিয়ন্ত্রণ করতে পারে, নিজের পণ্যের দাম নির্ধারণ করতে পারে সেই কাঠামো তৈরি করতে হবে।
আরও পড়ুনকৃষি সমবায় বা কৃষক সংগঠনগুলোর নিবন্ধন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনস্ত করতে হবে। এর ফলে স্থানীয় কৃষি বিভাগের সাথে কৃষকদের সাংগঠনিক সম্পর্ক আরও মজবুত ও বিকশিত হবে। কৃষি বিপণন অধিদপ্তরের কার্যক্রম ঢেলে সাজানো প্রয়োজন। তাদের কাজের গুরুত্ব অনেক কিন্তু তারা আসলে কতটুকু কৃষকের স্বার্থে ভূমিকা রাখতে পারছে তা নিয়ে পর্যালোচনা হওয়া প্রয়োজন। সরকারকে মনে রাখতে হবে, তার ভোটারের বড় অংশই কৃষির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। সবার পাতের খাবার নিশ্চিত করতে হলে কৃষকের ক্ষেতে সহায়তা পৌঁছাতে হবে দ্রুত এবং কার্যকর উপায়ে।
সরকার কৃষিপণ্য রপ্তানির কথা প্রায়ই বলেন। সাথে সাথে এটাও বলছেন যে, অনিয়ন্ত্রিত রাসায়নিক দ্রব্যের ব্যবহার তথা মানসম্মত কৃষিপণ্য উৎপাদন নিশ্চিত করতে না পারায় সরকারের রপ্তানি উদ্যোগ ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে সরকার করছে কী? খাদ্যকে নিরাপদ করতেই হবে। এটা কেবল রপ্তানির ইস্যু নয়, এটা আমাদের সকলের সুস্থ থাকা এবং মেধা বিকাশের সাথে সম্পর্কিত।
নিরাপদ খাদ্য উৎপাদনে সরকারের কোন প্রণোদনা কী আছে? নেই কেন? আমাদের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ তাদের নিজ নিজ এলাকার উৎপাদিত খাদ্যসমূহ নিরাপদ করার জন্য কী ধরণের উদ্যোগ নিয়েছেন? জাতীয় সংসদে জরিমানা বৃদ্ধির প্রস্তাব ছাড়া তাদের কী আর কিছুই করার নেই? অবশ্যই আছে। প্রশ্নগুলো তুলতে হবে নাগরিকদের পক্ষ থেকে। নাগরিকেরা অধিকার সচেতন হলে সরকারের পক্ষে চোখ বুজে থাকা সম্ভব হবে না। দয়া করে লোকসানের হাত থেকে কৃষি ও কৃষক বাঁচান। তারা আর কত লোকসান দেবে?
লেখক : গবেষক ও কলামিস্ট ০১৭১১-৫২৬৯৭৯
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_original_1793088500_medium_1795501369.jpg)
_original_1792663066_original_1793768763_medium_1795412735.jpg)
_medium_1795324140.jpg)
_medium_1795068062.jpg)
_original_1793252796_medium_1794994228.jpg)
_medium_1794904461.jpg)
_original_1792818060_medium_1795927263.jpg)

