চট্টগ্রামে গভীর রাতে আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া
চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকটি দোকানপাটে ভাঙচুর করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর উপজেলার বরুমছড়া, রায়পুর ও হাইলধরসহ বিভিন্ন ইউনিয়নে সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীরা মশাল মিছিল বের করেন। কার্যক্রম নিষিদ্ধ দলটির ঘোষিত ৪৮ ঘণ্টার কর্মসূচির সমর্থনে এসব মিছিল করা হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাইলধর ইউনিয়নের মালঘর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনের নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ফোরকানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় কাচের বোতল নিক্ষেপ এবং কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য আজগর, আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলফাজুর রহমান আরিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আনিসুর রহমান আরাফাত এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান।
এদিকে রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলীর হাট ও বরুমছড়া ইউনিয়নের ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকাতেও মশাল মিছিলের খবর পাওয়া গেছে। এসব ঘটনার পর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পাল্টা মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
আরও পড়ুনআনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান জানান, সাবেক ভূমিমন্ত্রীর বাড়ির আশপাশে দুই পক্ষের মধ্যে সামান্য বাদানুবাদ হয়েছিল। খবর পেয়ে পুলিশের বড় একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্ধকারে আতঙ্কিত হয়ে আটকে পড়া এক তরুণকেও পুলিশ নিরাপদে উদ্ধার করে।
তিনি আরও জানান, রাতে পুলিশের অভিযান শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_original_1795426558_medium_1795860977.jpg)
