এমরান কবির
শ্রমিকের ন্যূনতম মজুরির দাবি কতটা অন্যায্য
শিরোনামে ন্যূনতম মজুরির কথা না-বলে যদি ন্যায্য মজুরির কথা বলতে পারতাম তাহলেই ন্যায্য হতো। কিন্তু যেখানে ন্যূনতমই জোটে না সেখানে ন্যায্য’র কথা বলা সোনার পাথর বাটির মতো। তাই শ্রমিক ও অন্যান্যদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও ন্যূনতমই বলছি। আসলে হওয়া উচিত ছিল ন্যায্য। এই হওয়া না-হওয়া দিয়ে কারো কোনো যায় আসে না। মুনাফাখোরদের প্রধান লক্ষ্যই হলো মুনাফা। তা সেটা যেভাবেই হোক না কেন। তারই একটা মাধ্যম হলো ন্যূনতম মজুরিও না দেওয়া, ন্যায্য মজুরি তো দূর অস্ত। নভেম্বরের নয় তারিখে রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি হিসেবে ৩২ হাজার টাকার কথা প্রস্তাব করা হয়েছে।
মালিক পক্ষ সরাসরি কিছু না বললেও তারা যে নাখোশ তাতে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হলো এই দাবি কতটা ন্যায্য আর কতটা অন্যায্য? আসুন জাতীয় ও আন্তর্জাতিক মানদন্ডের আলোকে একটু বিশ্লেষণ করি। তিন বছর আগে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি ৮,০০০ টাকা থেকে বেড়ে হয়েছিল ১২,৫০০ টাকা। তখন এই টাকায় যে পরিমাণ পণ্য ও সেবা কেনা যেত, বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির কারণে একই পণ্য ও সেবা কিনতে অন্তত ২৯ শতাংশ অর্থ বেশি লাগছে। তার মানে তিন বছরের ব্যবধানে তৈরি পোশাক শ্রমিকদের ক্রয়ক্ষমতা কমেছে প্রায় তিন ভাগের এক ভাগ। ২০২৩ সালের ১২,৫০০ টাকা এখন ৮,৮৭৫ টাকা।
নিম্নতম মজুরি নির্ধারণে সবসময় চারজনের একটি শ্রমিক পরিবারের জীবনযাত্রার ব্যয় আমলে নেওয়ার রীতি পৃথিবীর সব দেশে। আমাদের দেশে যা কখনোই আমলে নেওয়া হয়নি। শুভঙ্করের এই ফাঁকি দিয়েই তাদের বেতন কাঠামোর গোড়ায় গলদ করা হয়েছে। ওই গলদ থেকে শ্রমিকরা এখনও উঠতে পারেননি। আর মূল্যস্ফীতির হিসাবও যদি তিন বছর যোগ করা হয়, প্রতিবছর গড়ে ১০ শতাংশ করে ধরলেও তিন বছরে এর পরিমাণ দাঁড়ায় ৩০ শতাংশ। এটা কখনোই তাদের বেতন কাঠামোর সাথে যুক্ত হয়নি। হলে তাদের জীবনমানের এত অবনতি হতো না।
প্রতি বছর ১০ শতাংশ করে বাড়লে মালিক পক্ষেরও জুলুম মনে হতো না। এই ফাঁকির কারণে এখন সবাই ফাঁকিতে পড়ে গেছে। শ্রমিকদের বেতন আসলে বছরে বছরে কমে গেছে। কীভাবে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভোক্তা মূল্যসূচক (সিপিআই) অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের গত সেপ্টেম্বর পর্যন্ত মূল্য সূচকের মান বেড়েছে ২৮.৭ শতাংশ। তার মানে ২০২৩ সালের নভেম্বরে ১২,৫০০ টাকা দিয়ে যে পরিমাণ পণ্য ও সেবা কেনা যেত একই পরিমাণ পণ্য ও সেবা কিনতে এখন প্রয়োজন ১৬,০৮৭ টাকা। শুধু তাই নয় ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে ডলার হিসাবে শ্রমিকের মজুরি কমেছে সাড়ে এগার ডলার।
শ্রমিকেরা বাংলাদেশি মুদ্রায় মজুরি পেলেও মালিকেরা আয় করেন ডলারে। টাকার অবমূল্যায়নের জন্য সেই ডলারের বিপরীতে বাড়তি অর্থ পাচ্ছেন মালিকেরা। ২০২৩ সালের নভেম্বরের তুলনায় গত অক্টোবরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ১১ শতাংশ। তার মানে তিন বছর আগে ১০০ ডলারের পোশাক রপ্তানি করলে মালিকেরা পেতেন ১১,০৫০ টাকা। আর এখন পাচ্ছেন ১২,৩০৩ টাকা। আর মালিকপক্ষের আয় বেড়েছে প্রতি ডলারের বিপরীতে ১,২৫৩ টাকা।
আরও পড়ুনগত মাসে প্রকাশিত বিবিএসের এক জরিপে উঠে এসেছে, সিটি করপোরেশন এলাকায় পরিবারের গড় মাসিক ব্যয় ৪৬,৭৭৮ টাকা, শহরাঞ্চলে ৩৭,৩৪৪ টাকা, গ্রামাঞ্চলে ৩২,৫৩২ টাকা। এতে দেখা যাচ্ছে ১২,৫০০ টাকায় গ্রামাঞ্চলে পারিবারিক খরচের মাত্র ৩৮ শতাংশ ব্যয় নির্বাহ করা যায়। শহরাঞ্চলে সেটা প্রায় ৩৩ শতাংশ। আমরা শুধু বেতন বাড়ানো সময় মূল্যস্ফীতির বিষয়টা বিবেচনায় রাখি। কিন্তু আন্তর্জাতিক মান অনুযায়ী মজুরি নির্ধারণে এর সাথে আরো ১০টি বিষয় বিবেচনায় নিতে হয় । আমরা সেদিকে যাইও না। মূল্যস্ফীতির হিসাবেও শুভঙ্করের ফাঁকি দেই। কীভাবে? ১০ শতাংশ হারে যদি কোনো প্রতিষ্ঠান মজুরি বাড়ায় তা টোটাল মজুরির ওপর বাড়ায় না। বাড়ায় শুধু বেসিকের ওপর। তাতে প্রকৃত বৃদ্ধি ৫-৬ শতাংশের বেশি হয় না।
আইএলওর ন্যূনতম মজুরি নির্ধারণ কনভেনশন ১৩১ (১৯৭০) মতে, ন্যূনতম মজুরি ঠিক করার সময় শ্রমিক ও তার পরিবারের প্রয়োজন ও জীবনযাত্রা ব্যয় বিবেচনায় নিতে হবে। জীবনধারণ মজুরির আন্তর্জাতিক মানদন্ড লিভিং ওয়েজ পদ্ধতি অনুসরণ করে গ্লোবাল লিভিং ওয়েজ কোয়ালিশনের ২০২৫ সালের হিসাব বলছে ঢাকায় চারজনের পরিবারে একজন শ্রমিকের জীবনধারণ মজুরি মাসে ৩০,৪৫৯ টাকা। অর্থাং জাতীয় কিংবা আন্তর্জাতিক যে মানদন্ডেই বিচার করি না কেন শ্রমিকদের খরচ পরিবারপ্রতি ৩০,০০০ টাকার উপরেই। শ্রমিকপক্ষের ৩২,০০০ টাকা মালিকপক্ষের কাছে অন্যায্য মনে হবে বলে ধারণা করছি। যদি হয়ও তাহলে অন্তত জন রলসের ন্যায়তত্ত্বের কাছে একটু ফিরে আসতে অনুরোধ করি, ‘সমাজে অসমতা তখনই ন্যায্য, যখন তা সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষদের উপকারে আসে।’ এই খাতটি চার দশকে কোটি কোট ডলারের হয়েছে। সেই সমৃদ্ধিতে কি সবচেয়ে নিচের মানুষটির জীবনমান ভালো হয়েছে? তাদেরকে ভালো রাখা কি ন্যূনতম দায়িত্বের মধ্যে পড়ে না? হাদিস শরিফে আছে, ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও।’ বিপরীতে আমাদের দেশে ন্যূনতম মজুরির জন্য শ্রমিকদের জীবন দিতে হয়।
লেখক : কবি-কথাসাহিত্যিক-প্রাবন্ধিক
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1794824137.jpg)
_medium_1794823122.jpg)
_medium_1794729180.jpg)
_medium_1794632388.jpg)
_medium_1794393880.jpg)
_medium_1794378508.jpg)
_medium_1794891400.jpg)
_medium_1794896185.jpg)
_medium_1794897611.jpg)