পাবনা সুজানগর
নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৩৮) নামে এক ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের বাড়ির পেছনে হলুদের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুপ্রভাত মদক ওই গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি কাশীনাথপুর বাজারে হোটেল ব্যবসা করতেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সুপ্রভাত মদক তার ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি চিকিৎসকের কাছে যান। চিকিৎসক দেখানোর পর স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দিয়ে পরে নিজে বাড়ি ফেরার কথা জানান। তবে এরপর আর তিনি ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা বাড়িতে ফেরেননি।
পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে রাতে আমিনপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর পুলিশ তার সন্ধানে কাজ শুরু করে।
আরও পড়ুনওসি ফজলে এলাহী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাতের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। রাত ১২টার দিকে তার মোবাইল ফোন চালু পাওয়া যায়। একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে ওই নম্বর থেকে আবার ফোন এলেও তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে হলুদের ক্ষেতে সুপ্রভাতের আগুনে ঝলসানো মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি ফজলে এলাহী বলেন, সুপ্রভাতকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে হত্যার আগে তাকে আগুনে ঝলসানো হয়েছিল, নাকি হত্যার পর মরদেহে আগুন দেওয়া হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন

_medium_1791263809.jpg)





