পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধের মধ্যে থাকা ফিলিস্তিনি পরিবারগুলোর কয়েকজনকে নিজেদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সরিয়ে নেওয়ার অভিযানের সময় এ নির্দেশ দেওয়া হয়।
গত রবিবার থেকে নাবলুসের কাছে কুসরা গ্রামের তিনটি বাড়িতে প্রায় এক ডজন ফিলিস্তিনি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছিল বসতি স্থাপনকারীরা। এ সময় তাদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে কুসরার মেয়র আবদেল আজিম ওয়াদি বলেন, পুরো গ্রামকে ‘বন্ধ সামরিক এলাকা’ ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি সেনারা খালি করে দেওয়া কয়েকটি ফিলিস্তিনি বাড়িকে ব্যারাক হিসেবেও ব্যবহার করছে।
তবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে।
ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডকে ‘নিন্দনীয়’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন
তিনি বলেন, এ ঘটনায় তদন্ত করে দায়ীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা হবে।
বর্তমান ইসরায়েলি সরকারের অধীনে অবৈধ বসতি দ্রুত সম্প্রসারিত হওয়ার কারণে বসতি স্থাপনকারীরা আরও দুঃসাহসী হয়ে উঠেছে। এর ফলে ফিলিস্তিনিদের তাদের নিজ জমি থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী সকল ইসরায়েলি বসতিই সম্পূর্ণ অবৈধ।
সূত্র: বিবিসি।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







