রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে রাশিয়ায় নতুন করে ৫০ হাজার পর্যন্ত উত্তর কোরীয় সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার ভূখণ্ডে ৩০ হাজার থেকে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েন করা হবে। একই সঙ্গে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি পূরণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতাও চেয়েছেন জেলেনস্কি। খবর : রয়টার্স।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি এসব কথা বলেন। তিনি বলেন, ‘রাশিয়ার ভূখণ্ডে ৩০ হাজার থেকে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে’। এর আগে জুলাইয়ে তিনি ৩০ হাজার সেনা মোতায়েনের কথা বলেছিলেন। এবার তার দেওয়া সংখ্যা আরও বেড়েছে। তবে এই তথ্য তিনি কীভাবে পেয়েছেন, তা বিস্তারিত জানাননি। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি কিছু ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। তবে সেগুলো কোথায় পাওয়া গেছে, সেটিও জানাননি তিনি। তিনি বলেন, ‘এটা একেবারেই স্পষ্ট যে উত্তর কোরিয়া আধুনিক যুদ্ধে নিজেদের অভিজ্ঞতা আরও বাড়াতে থাকবে, রাশিয়ার কাছ থেকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তির লাইসেন্স নেবে এবং তাদের কাছ থেকে নানা ধরনের সামরিক সরঞ্জাম পাবে।’
এমন অবস্থায় দক্ষিণ কোরিয়াকে ইউক্রেনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘যে ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে, সেই জায়গায় দক্ষিণ কোরিয়ার কাছ থেকে সহায়তা পেতে আমরা খুবই আগ্রহী’। তিনি এ ক্ষেত্রে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির কথা উল্লেখ করেন। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন ‘ড্রোন চুক্তি’ এবং অন্যান্য ক্ষেত্রেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত। সম্ভাব্য এসব চুক্তি নিয়ে ইউক্রেনের কূটনীতিকরা দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান তিনি।
আরও পড়ুনরাশিয়ায় অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাসের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনও জবাব পাওয়া যায়নি। একই বিষয়ে মন্তব্য জানতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করেছিল রয়টার্স। তারাও তাৎক্ষণিকভাবে কোনও জবাব দেয়নি।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








_medium_1786282445.jpg)