ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ আগস্ট, ২০২৬ ০৩:০৯ পিএম

অস্ত্র ছেড়ে শান্তি পরিকল্পনার পরের ধাপের জন্য প্রস্তুত হামাস

অস্ত্র ছেড়ে শান্তি পরিকল্পনার পরের ধাপের জন্য প্রস্তুত হামাস , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুক্তরাষ্ট্রের সমর্থিত শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে যেতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে হামাস। এমনকি যুদ্ধবিধ্বস্ত গাজায় গড়ে উঠতে যাওয়া একটি ফিলিস্তিনি শাসন কমিটির কাছে নিজেদের অস্ত্র তুলে দেওয়ার বিষয়েও সম্মতি জানিয়েছে তারা। অন্যদিকে ইসরায়েল বলছে, এই পরিকল্পনার সর্বশেষ অংশে তারা আদৌ সম্মতি দেয়নি। ফলে যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা শান্তির সম্ভাবনাও আবার আটকে গেছে ইসরায়েল-হামাসের পাল্টাপাল্টি অবস্থানে। খবর : এএফপি

হামাস শনিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে তারা এখনো প্রস্তুত। একই সঙ্গে চুক্তি মেনে চলতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের জন্য মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’কে জানিয়েছে, পরিকল্পনার সর্বশেষ ধাপ বাস্তবায়নে তারা নিজেদের অবস্থানে অটল। এই ধাপ অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত গাজায় গড়ে উঠতে যাওয়া একটি ফিলিস্তিনি শাসন কমিটির কাছে নিজেদের অস্ত্র হস্তান্তর করার কথা রয়েছে হামাসের।

হামাসের এক কর্মকর্তা এএফপিকে বললেন, ‘হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী মধ্যস্থতাকারীদের জানিয়েছে, তারা চুক্তি বাস্তবায়ন শুরু করে দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত। তবে এর জন্য ইসরায়েলের অনুমোদন প্রয়োজন এবং ইসরায়েলকে চুক্তি বাস্তবায়ন শুরু করতে হবে।’ নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বললেন, ‘ইসরায়েলকে চুক্তি মেনে চলতে এবং দ্বিতীয় ধাপে যেতে বাধ্য করতে মার্কিন প্রশাসনের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছে হামাস।’

তবে হামাসের এই অবস্থানের বিপরীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, পরিকল্পনাটি নিয়ে তেল আবিবের সম্মতি এখনো নেই। অক্টোবরে কঠিন নির্বাচনী লড়াইয়ের মুখে থাকা নেতানিয়াহু একই সঙ্গে গাজা চুক্তি নিয়ে তার ডানপন্থী সমর্থকদের ব্যাপক বিরোধিতারও চাপ সামলাচ্ছেন। তিনি মঙ্গলবার বলেছেন, ‘বোর্ড অব পিস’ যে খসড়া উত্থাপন করেছে, তাতে ইসরায়েল সম্মতি দেয়নি।

আরও পড়ুন

গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, শান্তি পরিকল্পনার অধীনে হামাস নিরস্ত্রীকরণে সম্মত হওয়া একটি বড় অগ্রগতি। ‘বোর্ড অব পিস’ জানিয়েছিল, এর বিনিময়ে ইসরায়েলও ধাপে ধাপে গাজার বড় একটি অংশ থেকে সেনা প্রত্যাহার করবে। কিন্তু সোমবার গাজার জন্য ‘বোর্ড অব পিস’-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি নিকোলায় ম্লাদেনভের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। এরপর ম্লাদেনভ তার আগের অবস্থান থেকে সরে এসে জানান, হামাস পুরোপুরি নিরস্ত্র হওয়ার পরই ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীও জানিয়েছে, ফিলিস্তিনি গোষ্ঠীটির বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে। তবে সামরিক অভিযান অব্যাহত থাকলেও সাম্প্রতিক দিনগুলোয় গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা কিছুটা কমেছে বলে মনে হচ্ছে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র ছেড়ে শান্তি পরিকল্পনার পরের ধাপের জন্য প্রস্তুত হামাস

মহাস্থানগড়ে সব ধরনের নির্মাণকাজে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

‘তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে’

মেসির ফুটবলের মহানায়ক বাবা হোর্হে মেসি

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

 দেশে প্রাইভেট-টিউশন মহামারি আকার ধারণ করেছে : গণশিক্ষা প্রতিমন্ত্রী