বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন
গণভোটের রায় বাস্তবায়নের দাবি তুলে বিএনপির অবস্থানের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, দেশের মানুষ গণতন্ত্র ও সংস্কারের পক্ষে গণভোটে মত প্রকাশ করলেও বিএনপি সেই রায় মেনে নিতে চায় না।
শনিবার দিনাজপুরের ফুলবাড়ীতে গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, দেশের জনগণ সরকার গঠনের পাশাপাশি সংস্কারের পক্ষেও ভোট দিয়েছে। সরকারের ভোট যদি বৈধ হিসেবে স্বীকৃতি পায়, তাহলে সংস্কারের ভোটকে কেন অবৈধ বলা হবে—এ প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে। তার ভাষায়, বিএনপি ভোট মানে, কিন্তু গণভোট মানে না।
তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্র ও প্রশাসনকে একদলীয় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করারও সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সরকার গঠনের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বলা হলেও এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে না।
আরও পড়ুনসীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, সীমান্তকে অরক্ষিত করার কোনো চেষ্টা হলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি দেশের জনগণও ভারতীয় আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
ফুলবাড়ী পৌর এলাকার জোড়াব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির দিনাজপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান নিশাত চৌধুরী। সভায় আরও বক্তব্য দেন উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আল, এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সহযোগী সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদসহ অন্যান্য নেতারা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1784384736.jpg)



