ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০১:০০ এএম

ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ

ছবি : সংগৃহীত, ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্কইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া এসব হামলায় আরো এক মার্কিন সেনা নিখোঁজ রয়েছেন। এ নিয়ে চলমান যুদ্ধে এ পর্যন্ত মোট ১৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া ৪৩০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার জর্ডানে অবস্থানরত মার্কিন ও মিত্র বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় ওই দুই সেনা নিহত হন। পেন্টাগন জানিয়েছে, ইরানের হামলায় আহত চার মার্কিন সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে তাদের সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সামান্য আহত আরও কয়েকজন সেনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে।

সেন্টকম জানিয়েছে, নিহত দুই মার্কিন সেনার স্বজনদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার অন্তত ২৪ ঘণ্টা পর্যন্ত তাদের পরিচয় বা এ-সংক্রান্ত অন্য কোনো তথ্য প্রকাশ করা হবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এই ঘোষণার পর নতুন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা অব্যাহত রাখে, তবে তাদের অবিস্মরণীয় শিক্ষা দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বৃতিতে খামেনি বলেন, যুদ্ধ উসকে দিয়ে তার পরিণতি বয়ে আনার চেষ্টা করছে আমেরিকান শত্রু। এমন পরিস্থিতিতে ইরানি জাতি এবং প্রতিরোধ অক্ষের কাছে যুক্তরাষ্ট্রের জন্য অবিস্মরণীয় শিক্ষা অপেক্ষা করছে।

আরও পড়ুন

যুদ্ধ শুরুর পর থেকে জনসমক্ষে দেখা না দেওয়া খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত যেকোনো চুক্তিকেও মূল্যহীন ও অবৈধ বলে মন্তব্য করেন।

সর্বশেষ পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, টানা সপ্তম রাতের মতো তারা ইরানে নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভান্ডার এবং নৌ-সামরিক সক্ষমতা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর জবাবে কুয়েত, ইরাক, বাহরাইন, জর্ডান ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান। ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কুয়েতে। সেখানে একটি সমুদ্রের পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্র এবং একটি তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ

কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ফাইনালের আগেই ধাক্কা, স্পেনের অনুশীলন বাতিল

আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেফতার

বিশ্বকাপে সবচেয়ে বেশিবার তৃতীয় হয়েছে কারা?

সংবিধান সংশোধনের মাধ্যমে গণরায় ও সংস্কারের সঙ্গে তামাশা করা হয়েছে : মামুনুল হক