ভিডিও বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ০৩:২৪ পিএম

নির্মম পেনাল্টি গোলে সেনেগালকে কাঁদিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

নির্মম পেনাল্টি গোলে সেনেগালকে কাঁদিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : রেফারি তখনো পেনাল্টির সিদ্ধান্ত দেননি। মনিটরে চেক করতে গেছেন। ধারাভাষ্যকার রিপ্লে দেখেই বলে দিলেন, পেনাল্টি হলে সেনেগালের জন্য নির্মম হবে। রেফারি হেক্টর মার্তিনেজ সেই নির্মম সিদ্ধান্তই দিলেন। ১২০ মিনিট শেষে ঘড়ির কাঁটায় ততক্ষণে যোগ করা সময় চলছে। এমন অন্তিম মুহূর্তেই পেনাল্টিতে গোল করলেন ইউরি টিলেমান্স। বেলজিয়াম জিতে গেল ৩-২ গোলে। আর ম্যাচের বেশিরভাগ সময় এগিয়ে থাকা সেনেগালের খেলোয়াড়েরা ভেঙে পড়লেন কান্নায়।

সেনেগালের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি কাঁদলেন লামিনে কামারা। ১১৯ মিনিটের সময় বক্সে বল ক্লিয়ার করতে পা বাড়িয়েছিলেন তিনি, তবে বল পাওয়ার আগেই পা লেগে যায় টিলেমান্সের সঙ্গে। আর এ ঘটনাকেই ফাউল আখ্যা দিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন রেফারি। অথচ এই ম্যাচের ৮৫তম মিনিট পর্যন্ত সেনেগালই এগিয়েছিল। তাও ২-০ ব্যবধানে। শুরু থেকে বল দখলে বেলজিয়াম এগিয়ে থাকলেও আক্রমণ বেশি করেছে সেনেগাল। প্রথমার্ধেই দুবার পোস্টে বল লেগে ফিরে আসে। প্রথমে ইসমাইলা সারের শট ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া, ফিরতি বলে সারের আরেক প্রচেষ্টা লাগে পোস্টে। ২৪তম মিনিটে অবশ্য আর বেলজিয়ামকে বাঁচাতে পারেনি পোস্ট। সাদিও মানের ক্রস থেকে সারের হেড আবারও পোস্টে লাগে। তবে ফিরতি বল পেয়ে সাত গজ দূর থেকে জালে পাঠিয়ে দেন হাবিব দিয়ারা।

বিরতিতে পিছিয়ে থাকা বেলজিয়াম বদলি হিসেবে নামায় রোমেলু লুকাকুকে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় সেনেগাল। মুসা নিয়াখাতের লম্বা পাস বুকে নিয়ন্ত্রণে এনে দুই ডিফেন্ডারকে সামলে ৫১ মিনিটে দুর্দান্ত শটে গোল করেন সার। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ম্যাচটা প্রায় হাতের মুঠোয় নিয়েই ফেলেছিল সেনেগাল। বেলজিয়াম আক্রমণে উঠলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না। কিন্তু শেষ কয়েক মিনিটে সব হিসাব পাল্টে যায়। ৮৬ মিনিটে থমাস মুনিয়েরের নিচু ক্রস থেকে ব্যবধান কমান লুকাকু। তিন মিনিট পর লিয়ান্দ্রো ত্রোসারের ক্রসে হেড করে সমতা ফেরান টিলেমান্স। এর কিছুক্ষণ আগেই ডিহাইড্রেশন ব্রেকের সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল, সেই দুজনই পরে হয়ে ওঠেন বেলজিয়ামের প্রত্যাবর্তনের নায়ক।

আরও পড়ুন

অতিরিক্ত সময়ের খেলায় অবশ্য সেনেগালের আক্রমণের ধার কমে যায়। এসময় বেলজিয়ামই বরং গোলের সম্ভাবনা তৈরি করেছে বেশি। তবে কেউ গোল করতে না পারায় ম্যাচ গড়াচ্ছিল টাইব্রেকারের দিকে। কিন্তু শেষ বাঁশি বাজার আগমুহূর্তে আসে সেই বিতর্কিত মুহূর্ত। ভিএআরের পর পাওয়া পেনাল্টি থেকে টিলেমান্স বল জড়িয়ে দেন জালের ওপরের কোণে। ১২৫তম মিনিটের সেই গোলেই বিশ্বকাপের সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তনগুলোর একটির জন্ম দেয় বেলজিয়াম। উঠে যায় শেষ ষোলোতেও। 
এই জয়ে শেষ ষোলোয় বেলজিয়ামের প্রতিপক্ষ হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্মম পেনাল্টি গোলে সেনেগালকে কাঁদিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

রাজবাড়ীতে ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ক্রীড়া পল্লী ও ফুটবল স্টেডিয়াম স্থাপিত হবে : রেজাউল করিম বাদশা এমপি

বাগেরহাটে মোটরসাইকেল উল্টে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর ভয়াবহতা : স্বাস্থ্যমন্ত্রী

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই : সেতুমন্ত্রী