বিশ্বকাপ উৎসবের মধ্যেই গাজায় ফিলিস্তিনি গোলরক্ষক নিহত
স্পোর্টস ডেস্ক : গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুসের উত্তর-পূর্বে আল-কারারা শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি গোলরক্ষক সেলিম খাদের আল-আশকার। নিহত ৩২ বছর বয়সী এই ফুটবলার ‘খাদামাত খান ইউনুস’ ক্লাবের হয়ে গোলরক্ষকের দায়িত্ব পালন করতেন।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এবং সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গত সোমবার আল-কারারা এলাকায় অবস্থানকালে তিনি সরাসরি হামলার শিকার হন।
সেলিম খাদের আল-আশকার তার ফুটবল ক্যারিয়ারে গাজার আল-আকসা এবং আল-মুসাদ্দার স্পোর্টস ক্লাবের হয়েও খেলেছেন।
মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন সেলিম। তিনি শিগগিরই প্রথম সন্তানের বাবা হওয়ার অপেক্ষায় ছিলেন।
সাত ভাইবোনের মধ্যে তিনি ছিলেন পরিবারের একমাত্র ছেলে। তার মৃত্যু স্বজনদের জন্য অপূরণীয় শোক বয়ে এনেছে।
আরও পড়ুনসেলিমের মৃত্যু ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনের প্রাণহানির তালিকাকে আরও দীর্ঘ করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১ হাজার ৯ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৬৭ জনই ফুটবলের সঙ্গে যুক্ত।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের খেলা চলছে।
বিশ্বের কোটি কোটি মানুষ যখন স্টেডিয়ামে কিংবা টেলিভিশনের পর্দায় বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করছেন, তখন গাজার বাসিন্দারা বিদ্যুৎ সংকট, বারবার বাস্তুচ্যুতি এবং অব্যাহত বোমাবর্ষণের কারণে সেই সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।
ফিলিস্তিনি ক্রীড়া কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম সেলিম আল-আশকারকে চলমান সংঘাতের আরেকজন শিকার হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছে। খান ইউনুসে তার জানাজার সময় স্থানীয়রা গাজার মানবিক বিপর্যয়ের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।
মন্তব্য করুন








_medium_1782935079.jpg)