গাইবান্ধায় শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি মুকুল গ্রেপ্তার
গাইবান্ধার বহুল আলোচিত শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি মোকলেসুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলাটিতে এখন পর্যন্ত মোট পাঁচজন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।
সোমবার (১ জুলাই) রাত ৯টার দিকে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তবে তাকে কোথা থেকে আটক করা হয়েছে কিংবা গ্রেপ্তারের সময় তিনি কোথায় অবস্থান করছিলেন, সে বিষয়ে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো তথ্য প্রকাশ করেননি।
রাত সোয়া ১১টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযান চলমান থাকায় গ্রেপ্তারের স্থান সম্পর্কে তিনি কিছু জানাননি।
গ্রেপ্তার হওয়া মোকলেসুর রহমান মুকুল সদ্য বহিষ্কৃত বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। তিনি বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। তিনি শিমুল তাইর গোরস্থানপাড়া গ্রামের হাবিবুর রহমান মওলানার ছেলে এবং রংপুর ধাপের সাতগড়া মডেল কামিল মাদরাসার আল-কুরআন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
আরও পড়ুনমামলার তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, প্রধান আসামিকে গ্রেপ্তারের অভিযান শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।
গত ২১ জুন বিকেল সাড়ে ৩টার দিকে বোনারপাড়া বাজারের চারমাথা এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হন এবং তার বন্ধু সালাউদ্দিন গুরুতর আহত হন।
আহত সাইফুল্লাহ বারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২২ জুন রাতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। তিনি একই ইউনিয়নের ফুটানি বাজার এলাকার দুদু মিয়ার ছেলে এবং জামায়াতে ইসলামীর কর্মী।
ঘটনার পরদিন ২২ জুন রাতে নিহত সাইফুল্লাহ বারীর বাবা হাবিবুর রহমান সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ আরও ১৪ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলার প্রধান আসামি ছিলেন মোকলেসুর রহমান মুকুল।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1782932278.jpg)
