টাঙ্গাইলে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যা
মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুরে বেলাল হোসেন (৪৫) নামে এক রডমিস্ত্রিকে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৯ জুন) রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। নিহত বেলাল হোসেন পৌরসভার সূতি পূর্বপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। পেশায় তিনি রডমিস্ত্রি ছিলেন। দীর্ঘদিন ধরে উপজেলার সুন্দর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে পৌর শহরের কালীমন্দির সড়কের জলধারা আবাসিক এলাকাসংলগ্ন প্রধান সড়কে বেলাল হোসেনকে একা পেয়ে উত্তর গোপালপুর মহল্লার জিসান নামে এক যুবক তার ওপর হামলা চালায়। এসময় তিনি রড দিয়ে বেলালকে এলোপাতাড়ি আঘাত করেন। রডের আঘাতে বেলাল গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার রাতেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জিসানকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন বলে জানা গেছে। গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন









