লেবাননের আরও গভীরে দখল সুদৃঢ় করার নির্দেশ নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাদের লেবাননের আরও ভেতরে ঢুকে পড়ে দখল সুদৃঢ় করার নির্দেশ দিয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার সে এ নির্দেশ দেয়। অথচ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের মধ্যে ছয় সপ্তাহ ধরে যুদ্ধবিরতি চলছে। মূলত, হিজবুল্লাহর বিরুদ্ধে আরও কঠোর হামলা চালানোর লক্ষ্যেই এই নির্দেশ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, লেবানন সংঘাত ইরান-ইসরায়েল যুদ্ধের সবচেয়ে বড় বিস্তার হিসেবে দেখা দিয়েছে। গত ২ মার্চ থেকে হিজবুল্লাহ মিত্র ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা শুরু করে। জবাবে ইসরায়েলি হামলার কারণে কারণে ১২ লাখের বেশি লেবাননিজ বাস্তুচ্যুত হন। লেবানন সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এই অভিযানে ৩ হাজার ৩৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
অন্যদিকে ইসরায়েল বলছে, একই সময়ে তাদের ২৪ জন সেনা ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েক হাজার বাসিন্দাও বাস্তুচ্যুত হয়েছে।
সাম্প্রতিক অগ্রযাত্রায় ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ এবং একটি কৌশলগত পাহাড়ি উপত্যকা দখল করেছে বলে সেনাবাহিনী জানিয়েছে। এপ্রিলের যুদ্ধবিরতির পর উত্তর ইসরায়েলের দিকে হিজবুল্লাহর সবচেয়ে ভারী হামলাগুলোর একটি হওয়ার এক দিন পর এই অভিযান চালানো হয়। ওই হামলার কারণে স্কুল বন্ধ এবং বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমি (সামরিক বাহিনীকে) লেবাননে তাদের স্থল অভিযান সম্প্রসারণের নির্দেশ দিয়েছি।’
আরও পড়ুনইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যে লেবাননের লিতানি নদী পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এখন তারা আরও উত্তরে, প্রায় ১০ কিলোমিটার দূরের জাহারানি নদীর দিকে অগ্রসর হচ্ছে। নেতানিয়াহু বলেন, তার লক্ষ্য হলো ‘যেসব স্থান আগে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে ছিল, সেখানে আমাদের দখল আরও গভীর ও বিস্তৃত করা।’
আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেন, তিনি লেবাননে আরও কঠোর পদক্ষেপ চান। বিশেষ করে রাজধানী বৈরুতের উপশহরগুলোতেও হামলা চান তিনি।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







