ম্যানচেস্টার সিটি ছাড়ছেন গার্দিওলা!
স্পোর্টস ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এর এক এক্সক্লুসিভ প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। তারমানে, আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটিই হতে যাচ্ছে সিটির ডাগআউটে গার্দিওলার শেষ ম্যাচ।
গত এক দশক ইংলিশ ফুটবলে একচ্ছত্র আধিপত্য করেছে ম্যানচেস্টার সিটি। ২০১৬ সালে যখন গার্দিওলা ম্যানচেস্টারে পা রেখেছিলেন, তখন অনেকেই সন্দিহান ছিলেন-স্পেন আর জার্মানিতে যে ফুটবল দর্শনে তিনি সফল হয়েছেন, সেটা কি ইংলিশ ফুটবলের গতি আর পেশিশক্তির সঙ্গে মানিয়ে নিতে পারবে? পেপ শুধু মানিয়েই নেননি, ইংলিশ ফুটবলকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন। ইতিহাদে কাটানো তার এই সোনালী সময়ে সিটি’র ট্রফি ক্যাবিনেটে যোগ হয়েছে ২০টি মহামূল্যবান শিরোপা। যার মধ্যে রয়েছে টানা চারটিসহ মোট ছয়টি প্রিমিয়ার লিগ এবং ক্লাবটির ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ ট্রফি। ৫৫ বছর বয়সী এই কোচ সিটিকে নিয়ে গেছেন বিশ্ব ফুটবলের অনন্য এক উচ্চতায়।
শোনা যাচ্ছে, ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের স্পনসর পার্টনারদের এই আসন্ন ঘোষণার কথা জানিয়ে দিয়েছে। গার্দিওলার ঘনিষ্ঠজনদের কাছেও বিষয়টি বেশ কিছুদিন ধরে ছিল এক ‘ওপেন সিক্রেট’। সবকিছু ঠিক থাকলে আগামী রোববারই আসবে সেই আনুষ্ঠানিক ঘোষণা। তবে গার্দিওলার বিদায়টা সিটির জন্য বিষাদের হলেও উদযাপন হবে রাজকীয়। আগামী সোমবার ম্যানচেস্টারের রাস্তায় একটি ছাদখোলা বাসে করে প্যারেড করার পরিকল্পনা করা হয়েছে। বিকেল ৪টায় ম্যানচেস্টারের নর্দার্ন কোয়ার্টার থেকে শুরু হবে এই প্যারেড, যা শেষ হবে ইতিহাদ স্টেডিয়ামের কলিন বেল স্ট্যান্ডের সামনে। প্রিয় কোচের রাজকীয় বিদায় রাঙাতে সিটির সমর্থকেরা যে নীল সমুদ্রে ভাসিয়ে দেবেন ম্যানচেস্টারের রাস্তা, তা বলাই বাহুল্য।
আরও পড়ুনগার্দিওলা চলে গেলে তার সিংহাসনে বসবেন কে? শূন্যস্থান পূরণের দৌড়ে এখনই শোনা যাচ্ছে দুটি বড় নাম। একজন চেলসির সাবেক কোচ এনজো মারেসকা, আর অন্যজন বায়ার্ন মিউনিখের বর্তমান বস এবং সিটিরই কিংবদন্তি ভিনসেন্ট কোম্পানি।
মন্তব্য করুন









