হল প্রশাসনের কাছে শিক্ষার্থীদের পক্ষে ৮ দফা দাবি জানালো শেখ মুজিবুর রহমান হল ছাত্রদল
ঢাবি প্রতিনিধি: শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে হল প্রাধ্যক্ষের নিকট ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের আহ্বায়ক সাইফ আল ইসলাম দ্বীপ , সদস্য সচিব শাহেদ, ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনভী মোশারফ।
বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হল শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ এই স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে জমা দেন।
তারা জানান, সাধারণ শিক্ষার্থীদের নিত্যদিনের ভোগান্তি লাঘব এবং একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেই এই দাবিগুলো উত্থাপন করা হয়েছে।
স্মারকলিপিতে উত্থাপিত ৮ দফা দাবিসমূহ হলো—
১. ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে স্ব স্ব কক্ষে সিট বরাদ্দ নিশ্চিত করা এবং এ ক্ষেত্রে হল প্রশাসনের সর্বোচ্চ সহানুভূতিশীল ও উদার মনোভাব প্রদর্শন।
২. হল ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন এবং নিয়মিতভাবে খাবারের গুণগত মান পরীক্ষা নিশ্চিত করা।
৩. ‘জুলাই শহীদ স্মৃতিভবন’-এর বিদ্যমান সাউন্ড সমস্যার দ্রুত সমাধান এবং প্রয়োজনবোধে সাউন্ডপ্রুফ বিকল্প ব্যবস্থা গ্রহণ।
আরও পড়ুন৪. হল সংসদের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জবাবদিহি ও প্রশ্নোত্তর’ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন।
৫. হলের পুকুর সংস্কার কার্যক্রম দ্রুত শুরু করা।
৬. হলের প্রবেশপথে ময়লা-আবর্জনার কারণে সৃষ্ট দুর্গন্ধ দূরীকরণে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ।
৭. হল কার্ড নবায়ন ফি শিক্ষার্থীদের জন্য সহনীয় পর্যায়ে কমিয়ে আনা।
৮. পুরাতন ভবনের সংস্কার কাজ দ্রুত শুরু করা এবং প্রতিটি ফ্লোরে অব্যবহৃত কক্ষসমূহ মেরামত করে বসবাসযোগ্য করে তোলা।
স্মারকলিপি প্রদানকালে ছাত্রদলের নেতারা আশা প্রকাশ করেন, হল প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








