নীলফামারীর সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে একটি ফিলিং স্টেশনের গোডাউন থেকে অবৈধভাবে মজুতকৃত সাড়ে ৪ হাজার লিটার বিভিন্ন জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টায় সৈয়দপুর-রংপুর বাইপাস সড়কের পাশে ধলাগাছ এলাকার অবস্থিত মেসার্স রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনের গোডাউনে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল উদ্ধার করা হয়।
এসময় অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও অন্যত্র পাচারের প্রস্তুতিকালে পাম্প মালিকের ছেলেসহ ৭ জনের দুই লাখ ৬০ হাজার টাকা অর্থদন্ড করেছেন আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন ওই অর্থদন্ড করেন। এছাড়া জব্দকৃত জ্বালানি তেল সরকারি মূল্যে বিক্রি করে সেসব অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেনের নেতৃত্বে থানা পুলিশ সদস্যরা ওই ফিলিং স্টেশনে অভিযান চালায়। এসময় পাম্প মালিকের মালিকানাধীন পাশের একটি গোডাউনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত পাওয়া যায়। পরে ওই সব জ্বালানি জব্দ করে অন্য একটি ফিলিং স্টেশনে নিয়ে গিয়ে পরিমাপ করা হয়। জব্দকৃত এসব তেলের মধ্যে রয়েছে পেট্রোল ৩ হাজার ৯১৭ লিটার, অকটেন ২৫০ লিটার ও ডিজেল ৩৩৮ লিটার।
পরে ফিলিং স্টেশনের মালিক আব্দুর রহমানের ছেলে মো. রফিকুল ইসলামকে দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া এসব কাজে জড়িত ও সহযোগিতার দায়ে মো. মেরাজ হোসে, মঈনুদ্দীন, জাহাঙ্গীর, সাগর, আলমিন শেখ এবং মেরাজ ইসলামকে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার জরিমানা, অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুনএ ঘটনায় আটককৃতদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী থাকায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। পরে দন্ডপ্রাপ্তরা জরিমানার টাকা পরিশোধ করলে ভ্রাম্যমাণ আদালত তাদের মুক্তি দেন। এদিকে রাতেই জব্দ করা ওইসব জ্বালানি তেল শহরের মেসার্স সুমনা ফিলিং স্টেশনে সরকারি মূল্যে ৪ লাখ ৯৩ হাজার ৪০৭ টাকায় বিক্রি করে সেসব টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সৈয়দপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মামুনুর রশীদ মামুন ও ঋষিকেশ রায়সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
মন্তব্য করুন








