কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। রোববার বিকেলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি কারাগার থেকে বের হন। এর আগে সকালে জুলাই আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় আদালত তাকে জামিন দেন। পরে সেই জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে এবং সব প্রক্রিয়া শেষ করে বিকেলে তাকে মুক্তি দেয়। মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় লালবাগ থানার আজিমপুর সরকারি কলোনির ভেতরে একটি মিছিলে অংশ নিয়েছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম। সে সময় আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন এবং তার বাম চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়, যেখানে শিরীন শারমিন চৌধুরীর নামও অন্তর্ভুক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। আদালতে রিমান্ড আবেদন খারিজ হলে তিনি কারাগারেই ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি জনসমক্ষে আর দেখা দেননি। ওই সময় ছাত্র-জনতা সংসদ ভবনে প্রবেশ করলে তিনি ভবনের একটি গোপন কক্ষ বা বাংকারে আশ্রয় নিয়েছিলেন বলে গুঞ্জন ওঠে। পরে গভীর রাতে সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় বলে জানা যায়।
এরপর দীর্ঘ সময় তার অবস্থান নিয়ে নানা আলোচনা চলতে থাকে। তিনি দেশে আছেন না বিদেশে গেছেন—এ নিয়েও নানা জল্পনা ছিল। অবশেষে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৭ এপ্রিল ভোররাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1775999931.jpg)







