স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের স্পিন কোচ হিসেবে মোহাম্মদ রফিককে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক এই স্পিনার। জাতীয় দলে স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাক আহমেদ থাকলেও দেশীয় কোচদের অনুপ্রাণিত করতেই রফিককে নিয়োগ দেওয়া হয়েছে।
রফিককে মূলত বিশেষায়িত স্পিনিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিসিবি চাইলে তাকে সব খানেই ব্যবহার করতে পারবে। যদিও বিসিবির পরিকল্পনা বাঁহাতি স্পিনার তৈরিতে তাকে ব্যবহার করা।
রফিককে কোচ হিসেবে চুক্তিবদ্ধ করার কারন হিসেবে ফাহিম বলেন, 'আপাতত এক বছরের জন্য চুক্তি করা হয়েছে।
আরও পড়ুন
রফিকের পারফরম্যান্স—তার পুরো ক্যারিয়ার জুড়ে এবং এখনও মাঠে যেভাবে খেলেন—দেখলে তাকে মোটেও অবসরপ্রাপ্ত মনে হয় না। বড় ব্যাটসম্যানদের বিপক্ষে তার যে ইনটেন্ট, তা প্রমাণ করে এখনও তার অনেক কিছু দেওয়ার আছে। জুনিয়র ও সিনিয়র—দুই পর্যায়ের স্পিনারদের সঙ্গে কাজ করলে তারা তার কাছ থেকে মূল্যবান টিপস পাবে, যা আমাদের জন্য খুবই উপকারী হবে।'
জাতীয় দলে স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মুশতাক আহমেদ।
তবুও কেন তাকে নিয়োগ দেওয়া হলো এর ব্যাখায় ফাহিম বলেন, 'সত্যি বলতে, আমাদের দেশে পেস বোলিং কোচের সংখ্যা ৮-১০ জন হলেও স্পিন কোচের বড় ঘাটতি রয়েছে—৩ জনও ঠিকমতো পাওয়া যায় না। বিষয়টি উদ্বেগজনক। তাই নিজেদের স্পিন কোচ তৈরি করা জরুরি। রফিক এমন একজন, যিনি প্রায় প্রস্তুত অবস্থাতেই কাজ শুরু করতে পারবেন। পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও ৪-৫ জনকে ধীরে ধীরে গড়ে তোলার পরিকল্পনা আছে। আমরা যেহেতু ধীরে ধীরে বিকেন্দ্রীকরণের দিকে যাচ্ছি, সেখানে বিশেষায়িত কোচের ঘাটতি স্পষ্ট হচ্ছে। সেই প্রয়োজন থেকেই রফিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।'