সবচেয়ে কঠিন দিনে নবীজির (সা.) ১০ শিক্ষা
তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দেওয়ার দিনটিকে আমরা নবীজির (সা.) জীবনের সবচেয়ে কঠিন দিন বলতে পারি। চাচা আবু তালিব এবং প্রিয়তমা স্ত্রী খাদিজার (রা.) ইন্তেকালের পর মক্কার কাফেরদের অত্যাচার যখন চরমে পৌঁছেছিল, ঠিক সেই চরম সংকটময় মুহূর্তে নবীজি (সা.) ইসলামের দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিলেন।
কিন্তু তায়েফের নেতারা তাঁর কথা শোনা তো দূরের কথা, বরং তাঁর প্রতি চরম নিষ্ঠুরতা দেখায়। তারা শহরের বখাটে ও কিশোরদের তাঁর পেছনে লেলিয়ে দেয়। তাদের ছোড়া পাথরের আঘাতে নবীজির (সা.) পবিত্র শরীর রক্তাক্ত হয়ে জুতা রক্তে ভরে গিয়েছিল এবং তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন। ঠিক সেই চরম অসহায় মুহূর্তে জিবরাইল (আ.) ও পাহাড়ের ফেরেশতা এসে তায়েফবাসীকে দুই পাহাড়ের মাঝে পিষে ধ্বংস করে দেওয়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু রহমতের নবী তাদের ধ্বংস না করে বরং তাদের ভবিষ্যৎ প্রজন্মের হেদায়েতের জন্য দোয়া করেছিলেন।
এই লেখায় আমরা তায়েফের সেই কঠিন দিনে নবীজির (সা.) ভূমিকার নৈতিক শিক্ষা ও দাওয়াতের পদ্ধতিগত শিক্ষার দিকগুলো তুলে ধরব।
ক্ষমতা হাতে থাকার পর ক্ষমার প্রকৃত তাৎপর্য
তায়েফের ঘটনার একটি সবচেয়ে চমৎকার শিক্ষা হলো, রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ক্ষমা। যখন ফেরেশতারা এলেন এবং বললেন, আপনি চাইলে আমরা তায়েফবাসীকে ধ্বংস করে দিই—তখন নবীজি যা করলেন, তা থেকে আমরা মানুষকে ক্ষমা করার শিক্ষা পাই। ক্ষমা তখনই গুরুত্বপূর্ণ হয়, যখন আপনার হাতে সত্যিকারের ক্ষমতা থাকে।
পারিবারিক সম্পর্কে স্বামী ও স্ত্রীর মাঝে, কিংবা পরিবারে আপনি যখন বয়োজ্যেষ্ঠ সদস্য, তখন এটি কাজে লাগে। আপনি যখন বস বা দায়িত্বশীল এবং আপনার অধীনস্থ কেউ আপনাকে বিরক্ত করে এবং তাদের ওপর আপনার ক্ষমতা থাকে, তখনও বোঝা যায় আপনি কতটা ক্ষমাশীল।
ক্ষমতা না থাকলে ক্ষমা করার ভান করা খুব সহজ। পুলিশ যদি আপনাকে থামায় এবং আপনার সাথে রুক্ষ আচরণ করে, তখন আপনি মনে মনে রাগ চেপে বলে ফেলতে পারেন, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। ঠিক আছে, হয়তো আপনি মাফ করলেন, কিন্তু হাতে ক্ষমতা থাকার সময়ের ক্ষমার সাথে এর তুলনা হয় না। ফেরেশতারা যখন বললেন, আপনি চাইলে আমরা এদের শেষ করে দিই, তখন তা প্রত্যাখ্যান করা ক্ষমাশীলতার সর্বোচ্চ স্তর।
পরের বার যখনই কোনো পরিস্থিতিতে আপনি সুবিধাজনক অবস্থানে থাকবেন, চাইলে নিজের রাগ প্রয়োগ করতে পারবেন এবং রাগ প্রয়োগ করার অধিকারও থাকবে, কিন্তু একটি মহৎ উদ্দেশ্যে নিজেকে সংযত রাখবেন, তখন আপনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পদাঙ্ক অনুসরণ করছেন।
শর্তহীন ক্ষমা ও বৃহত্তর লক্ষ্য
আরেকটি শিক্ষা হলো, ক্ষমা করার জন্য মানুষের কাছে ক্ষমা প্রার্থনা বা কাকুতি-মিনতি আশা করার প্রয়োজন নেই। এটি আমাদের সবচেয়ে বড় অহংকারের সমস্যাগুলোর একটি; আমাদের সবার মধ্যেই তা আছে। যতক্ষণ না সে বলে, ‘সরি’, আমি ক্ষমা করব না; যতক্ষণ না সে ক্ষমা চায়। এমন শর্ত রাখা ঠিক আছে, কিন্তু তা অপরিহার্য নয়।
আর মাঝে মাঝে আপনি যদি সত্যিই একজন নেতা হতে চান, আপনার লক্ষ্য যদি আপনার এবং ওই ব্যক্তির ঊর্ধ্বে হয়, তাহলে এই শর্ত জুড়ে দেওয়ার দরকার নেই যে তারা এসে আমার কাছে ক্ষমা চাইলেই কেবল আমি ক্ষমা করব।
একটি মহৎ লক্ষ্যের জন্য ক্ষমা করা দুর্বলতা নয়। এবং আপনি ক্ষমা করছেন বলেই যে তারা অপরাধমুক্ত বা নির্দোষ হয়ে যাচ্ছে, তা নয়।
যখন কেউ আপনার প্রতি অন্যায় করেছে এবং আপনি তাকে ক্ষমা করেন, যখন আপনি কোনো ভাইকে, স্ত্রীকে বা সন্তানকে ক্ষমা করেন, অথচ তারা অন্যায় করেছে এর মানে এই নয় যে আপনি অন্যায়কে ন্যায্যতা দিচ্ছেন। তায়েফবাসীর কাজ ন্যায্য ছিল না, এবং ক্ষমা মানে অনুমোদনও নয়। কিন্তু আপনাকে বড় প্রেক্ষাপট দেখতে হবে। ক্ষমা না করলে নবীজি (সা.) তায়েফের মানুষ ও তাদের পরবর্তী প্রজন্মকে হারাতেন। এতে লাভ কী হতো? কার উপকার হতো? ক্ষমা করার মাধ্যমে তিনি তায়েফের মানুষকে এবং পরবর্তীতে তাদের বংশধরদের ইসলাম গ্রহণের সুযোগ করে দিয়েছেন। ক্ষমা করার অর্থ সব সময় এই নয় যে আপনি তাদের নির্দোষ বলে বাহবা দিচ্ছেন।
লোক দেখানো সাফল্যের চেয়ে নৈতিক বিজয়ের শ্রেষ্ঠত্ব
আরেকটি শিক্ষা, যে কোনো সংঘাত বা লড়াইয়ে প্রকৃত বিজয় লোক দেখানো বা জনসম্মুখের বিজয় নয়, বরং তা হলো নৈতিক বিজয়। জনসম্মুখে মনে হতে পারে আপনি হেরে গেছেন, কিন্তু আপনি যদি উত্তম অবস্থানে বেরিয়ে আসতে পারেন, তবে দীর্ঘমেয়াদে আপনিই বিজয়ী।
ইতিহাসের দিকে তাকান। এই ঘটনা যখন ঘটেছিল, তখন যে কেউ বিচার করত কে জিতেছে আর কে হেরেছে? ঘটনা ঘটার মুহূর্তে এক দলকে স্পষ্টভাবে জয়ী মনে হয়েছিল। কিন্তু বাস্তবে আজ যখন এই ঘটনা পড়েন, তখন কাকে বিজয়ী মনে হয়?
তাই আপনাকে দীর্ঘমেয়াদি চিন্তা করতে হবে। স্বল্পমেয়াদি জনসংযোগ বা লোক দেখানো বিজয়ের চেয়ে নৈতিক বিজয় বেশি গুরুত্বপূর্ণ। নৈতিক বিজয়ের পথে মাঝে মাঝে কষ্ট সহ্য করতে হয়, কখনো ক্ষতি হয়, কখনো রক্ত ঝরে। কিন্তু দীর্ঘমেয়াদে নৈতিক বিজয়ই চূড়ান্ত বিজয় হয়ে ওঠে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, তিনি তাকওয়াবানদের সাহায্য করবেন, আল্লাহ তাদের সাথে আছেন, এবং আল্লাহ মুমিনদের বিজয় দান করবেন। যে কোনো সংগ্রামে দীর্ঘমেয়াদে এটিই চিরন্তন সত্য। এমনকি মানুষ জীবন হারালেও নৈতিক বিজয় তাদেরই।
পাল্টা আঘাতের বদলে সংযমকে স্বাভাবিক অভ্যাস করা
অবশ্যই আমরা আত্মরক্ষা ও পাল্টা লড়াই করি। কিন্তু মহাজাগতিক ও সামগ্রিক পরিসরে আল্লাহ সবসময় ইমানদার ও তাকওয়াবানদের বিজয় দান করেন। আপনি যদি এটি বোঝেন, তবে ক্ষুদ্র পরিসরে পরের বার যখনই কিছু ঘটবে—কেউ আপনার নামে অপবাদ দেবে, কেউ আপনাকে নিয়ে ঠাট্টা করবে, কেউ আপনাকে কলঙ্কিত করবে—তখন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ দেখছেন এই বিশ্বাসে, আল্লাহর খাতিরে দুজনের মধ্যে আপনি উত্তমটি বেছে নিন।
স্বল্পমেয়াদে আপনি হেরে যাবেন। স্বল্পমেয়াদে যে সবচেয়ে জোরে হাসে, মনে হয় সে-ই পার পেয়ে যাচ্ছে; যে মিথ্যা অপবাদ দেয়, মনে হয় সে-ই জিতছে। কিন্তু এখানেই আপনাকে আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখতে হবে। আপনি যদি দুজনের মধ্যে উত্তম আচরণ করেন, উত্তম পন্থায় কাজ করেন এবং আল্লাহ যেভাবে চান সেভাবে নিজেকে পরিচালনা করেন, তবে দীর্ঘমেয়াদে আপনি অনিবার্যভাবে, শতভাগ বিজয়ী হবেন—এতে কোনো সন্দেহ নেই। তবে আল্লাহর ওপর আপনার ইমান ও তাওয়াক্কুল থাকতে হবে।
সহিহ বুখারির বিখ্যাত হাদিসটির কথা আপনারা সবাই জানেন—এক ব্যক্তি এলেন, নবীজি তখন মসজিদে ছিলেন। আপনারা জানেন মসজিদ ছিল সামাজিক মিলনস্থল; সামাজিক মেলামেশার আর কোনো জায়গা তাঁদের ছিল না। মসজিদে নানা ঘটনা ঘটত, কথা হতো, বিরোধ নিষ্পত্তি হতো। নবীজি মসজিদে বসা ছিলেন, এমন সময় এক ব্যক্তি আবু বকরের কাছে এসে কোনো দাবি তুলল এবং নিজের অধিকারের কথা বলে গলার স্বর উঁচু করে আবু বকরকে অপমান করতে থাকল।
নিজের অধিকার চাওয়া এক বিষয়, আর এমন স্তরে নেমে গিয়ে খারাপ কথা বলা আরেক বিষয়। লোকটি খারাপ কথা বলছিল। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক (রা.) ধৈর্য হারালেন, গলার স্বর উঁচু করলেন এবং পাল্টা কিছু বললেন। তখন নবীজি তাকে ডেকে নিলেন। যদিও তার পাল্টা বলার অনুমতি ছিল, কিন্তু অনুমতি থাকা মানেই তা উত্তম হওয়া নয়। তিনি অনুমতিপ্রাপ্ত ছিলেন।
আরও পড়ুনকেউ যদি আপনার সাথে নোংরা আচরণ করে বা খারাপ কথা বলে, তবে তার স্তরে নেমে যাওয়ার এবং তার মতো করেই নোংরা জবাব দেওয়ার অধিকার আপনার আছে। কিন্তু সেই অধিকার কোনো বিশেষ মর্যাদা বা আশীর্বাদ নয়; আপনি তার স্তরে নেমে যাচ্ছেন। তাই নবীজি তাঁকে বললেন, যখন তুমি চুপ ছিলে, তখন তোমার পাশে একজন ফেরেশতা বসে তোমার পক্ষে তোমার সম্মান রক্ষা করছিলেন; যে মুহূর্তে তুমি কথা বলে উঠলে, ফেরেশতা চলে গেলেন। তুমি চুপ থাকলে ফেরেশতা তোমার সাথেই থাকতেন।
আমাদের এটাই ভাবতে হবে। যেকোনো সংঘাতে আপনি কেবল নিজের আর তার দিকে তাকিয়ে থাকবেন না, আশপাশের মানুষ বা সোশ্যাল মিডিয়ার দিকেও তাকাবেন না। আপনাকে আখেরাত ও দীর্ঘমেয়াদের কথা ভাবতে হবে। আমি বলছি না যে প্রতিটি সংঘাতেই কেবল নত ও বিনীত হয়ে থাকবেন; কখনো কখনো কঠোর হতে হয়, এবং সিরাত আমাদের তা-ই শেখায়।
লক্ষ্য অটুট রেখে দাওয়াতের কৌশলে নমনীয়তা
এর পরের শিক্ষাগুলো হলো দাওয়াতের পদ্ধতি ও কৌশলগত দিক থেকে তায়েফের ঘটনার শিক্ষা। আমরা যদি শিখি যে একটি কৌশল ব্যর্থ হলে লক্ষ্য ও উদ্দেশ্য পরিবর্তন না করে কৌশল পুনর্বিবেচনা করতে হবে, তবে তা বড় অর্জন। একটি কৌশল ব্যর্থ হলে হাল ছেড়ো না। একটি কৌশল চরমভাবে ব্যর্থ হতে পারে, কিন্তু তা যেন আপনাকে লক্ষ্য থেকে থামাতে না পারে।
এটা বলা সহজ, করা কঠিন। তায়েফের ঘটনা নিঃসন্দেহে সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর একটি ছিল—নবীজি নিজেই তা বলেছেন। আবু তালিবকে হারানো, আবু জাহল ও আবু লাহাবের মক্কা থেকে বের করে দেওয়া, আবু লাহাবের বলা যে মক্কায় তোমার জায়গা নেই, চলে যাও—তাঁর কোনো ঘর ছিল না, যাওয়ার কোনো জায়গা ছিল না। তাই প্রতিবেশী শহরে গিয়ে বলা ছাড়া তাঁর আর কী করার ছিল যে, আমাকে কি তোমাদের সাথে থাকতে দেবে? এবং তারপর প্রত্যাখ্যাত হওয়া।
তাতে কি মিশন বদলে গিয়েছিল? না, কৌশল কাজ করেনি। মিশন ও ভিশন আপনি থামাতে পারেন না—যাই ঘটুক না কেন, তা থামানো যায় না। কৌশল কাজ করছে না বলে মনে হলেও হাল ছাড়বেন না, দুর্বল হবেন না। আল্লাহর ওপর বিশ্বাস রাখলে আপনি বিজয়ী হবেন। আমাদের অনেক কাজ করতে হবে, এবং কৌশল বদলাতে পারে; একটি কৌশল ব্যর্থ হতে পারে।
প্রভাবশালী মহলের প্রত্যাখ্যানে হতাশ না হয়ে ঘুরে দাঁড়ানো
এ ছাড়া আমরা শিখি যে, প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়া মানেই এই বার্তার কোনো ভবিষ্যৎ নেই, তা নয়। তখন সত্যিই মনে হয়েছিল সব দরজা বন্ধ হয়ে গেছে।
একটু ভেবে দেখুন। মক্কা তার দরজা বন্ধ করে দিয়েছে, তায়েফও বন্ধ করে দিয়েছে। নবীজি জানেন না যে দুই বছরের মধ্যেই তিনি মদিনার মতো একটি পূর্ণাঙ্গ শহরের দায়িত্বে আসবেন। তিনি জানেন না, দেড় থেকে দুই বছরের মধ্যেই পরিস্থিতি বদলে যাবে। তিনি ভবিষ্যৎ জানেন না, কিন্তু আল্লাহর ওপর আশা হারাননি। কখনো কখনো সবচেয়ে বড় ট্র্যাজেডিই সবচেয়ে বড় সাফল্যের জন্ম দেয়।
জীবন যখন কঠিন হয়ে ওঠে, তখন আপনাকে সহ্য করে এগিয়ে যেতে হবে। জীবনে আর্থিক, দাম্পত্য, সন্তান, সমাজ বা স্বাস্থ্যগত কঠিন সময় আসবেই। কখনো কখনো সেই চরম পতনের ঠিক পরেই আল্লাহর সাহায্য আসে, এবং সেই পতনকে পার করে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ সিরাত আমাদের শেখায় যে বড় ধাক্কা খেলেও হাল ছাড়া যাবে না, চালিয়ে যেতেই হবে।
ক্ষমতাধর বা অভিজাতদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়াকে নিজের কাজের সাফল্য এবং তাদের কাছে প্রত্যাখ্যাত হওয়াকে ব্যর্থতা মনে করা যাবে না। মনে রাখবেন, দীর্ঘমেয়াদি পরিবর্তনের জন্য রাতারাতি বদল নয়, ধাপে ধাপে বেড়ে ওঠা প্রয়োজন।
নীতিগত লক্ষ্য অক্ষুণ্ন রেখে বাস্তববাদী জোট ও সহযোগিতা
তায়েফবাসীর কাছে নবীজি (সা.) দাওয়াতি ও রাজনৈতিক উভয় স্তরেই প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, কিন্তু প্রত্যাখ্যাত হন। মক্কায় আবু লাহাব তাঁর আশ্রয় বাতিল করলে তিনি বেলালকে (রা.) দিয়ে অন্য গোত্রের সরদারদের কাছে বার্তা পাঠান এবং অবশেষে মুতইম ইবনে আদির আশ্রয় পান।
মুতইম মুসলিম ছিলেন না, তবুও সমাজের প্রচলিত ন্যায় ও আশ্রয়ের রীতি অনুযায়ী সশস্ত্র হয়ে নবীজিকে (সা.) মক্কায় নিয়ে আসেন ও হিজরত পর্যন্ত রক্ষা করেন। বদরের যুদ্ধের পর নবীজি (সা.) মুতইমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন, যা প্রমাণ করে যে ইমানের মূলনীতি অক্ষুণ্ন রেখে বাস্তব প্রয়োজনে ভিন্ন বিশ্বাসের মানুষের সহযোগিতা নেওয়া জায়েজ।
চেষ্টার সুফল ও অপ্রত্যাশিত প্রাপ্তি
তাৎক্ষণিকভাবে তায়েফের সফর সফল না হলেও কোনো প্রচেষ্টাই বৃথা যায় না। ফেরার পথে নাখলায় একদল জিন ইসলাম গ্রহণ করে এবং তা নিয়ে কোরআনের আয়াত নাজিল হয়।
পাশাপাশি খ্রিষ্টান দাস আদ্দাস ‘বিসমিল্লাহ’ এবং ইউনুস (আ.) প্রসঙ্গে নবীজির (সা.) কথা শুনে ইসলাম গ্রহণ করেন। এই ঘটনাগুলো থেকে বোঝা যায়, একটি দরজা বন্ধ হলে আল্লাহ অন্য পথ খুলে দেন এবং চেষ্টার সুফল ভিন্নভাবে প্রকাশ পায়।
দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি ও সংযত নেতৃত্ব
স্বল্পমেয়াদি ব্যর্থতা ও কষ্টে সান্ত্বনা পাওয়ার পথ হলো দীর্ঘমেয়াদি চিন্তা করা। নবীজি (সা.) ভবিষ্যৎ প্রজন্মের হেদায়েতের আশায় নিজেকে সংযত করেছেন, তাদের ক্ষমা করেছেন।
এ রকম পরিস্থিতিতে আমাদেরও কর্তব্য সংযত থাকা। পাল্টা জবাব না দিয়ে সামগ্রিক ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হওয়া।
চূড়ান্ত লক্ষ্যের পথে অবিচলতা ও তাওয়াক্কুল
সাফল্য ও বিজয় অনেক সময় দীর্ঘ কালের কষ্ট ও বাধার পর আসে। কোরআনে বনি ইসরাইলের প্রসঙ্গে দেখানো হয়েছে যে, নিপীড়ন ও কষ্টের পর আল্লাহ তাদের নেতৃত্ব ও অনুগ্রহ দান করেছিলেন।
তাই বিরোধিতা বা ধাক্কা এলেও হাল ছাড়া যাবে না। মানুষের রুক্ষতা বা নিষ্ঠুরতায় হতোদ্যম না হয়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল ও অবিচলতা বজায় রাখলে চূড়ান্ত পরিণতি মুত্তাকিদের পক্ষেই যায়।
মন্তব্য করুন









