দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর
বগুড়ার ধুনটে দায়িত্বে অবহেলার অভিযোগে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে শোকজ
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা কামাল হায়দারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে। গোসাইবাড়ী হাটে খাস আদায়ের নামে অনিয়ম-দুর্নীতি আর দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে শোকজ করা হয়।
আজ রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব এ শোকজের ব্যবস্থা নেন। শোকজ নোটিশে আগামী তিন কার্য দিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এর আগে শনিবার (২৮ নভেম্বর) দৈনিক করতোয়ায় ‘ধুনটে গোসাইবাড়ী হাটে খাস আদায়ের অর্থ লুটের অভিযোগ, রাজস্ব হারাচ্ছে সরকার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ী হাট-বাজার পরপর দুই বছর বার্ষিক ইজারা না দিয়ে খাস আদায়ের নামে বিপুল অর্থ আত্মসাৎ করেছে স্থানীয় একটি সিন্ডিকেট। আর এই অর্থ লোপাটে প্রশাসনের যোগসাজশের অভিযোগও তুলেছেন স্থানীয়রা। তবে দীর্ঘদিনেও এসব অভিযোগের দৃশ্যমান কোনো প্রতিকার মেলেনি।
বিষয়টি নিয়ে দৈনিক করতোয়াসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর হাটের দৃশ্যমান স্থানে টোল আদায়ের মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দেয় প্রশাসন। কিন্তু সেই নির্দেশও বাস্তবায়ন করেননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হায়দার। এবার এসব অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে শোকজের পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
আরও পড়ুনউপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা কামাল হায়দার অভিযোগ অস্বীকার করে বলেন, অসুস্থতার কারণে চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় যথাসময়ে হাটে টোল আদায়ের মূল্য তালিকা টাঙানো সম্ভব হয়নি। তবে আজ রোববার শোকজের নোটিশ পাওয়ার পর হাটের দৃশ্যমান স্থানে টোল আদায়ের মূল্য তালিকা ঝুলানো হয়েছে। পরবর্তীতে এ সংখ্যা আরো বাড়ানো হবে।
ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব বলেন, কারণ দর্শানোর নোটিশের সন্তোসজনক জবাব না পেলে বিধি মোতাবেক কামাল হায়দারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন








