পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না: তথ্য উপদেষ্টা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না।’
আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও তথ্য মেলা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের কর্মকাণ্ডের সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, তাদের ধ্বংসাত্মক কার্যকলাপের কারণে দেশে অবস্থানরত আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও বিপদের মুখে পড়ছেন।
তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা ধরনের শোরগোল করছেন। কোথাও আগুন দেওয়া হচ্ছে, আবার সেসব ঘটনার সরাসরি সম্প্রচারও করা হচ্ছে। এসব কর্মকাণ্ড দেখে অনেকের মনে হচ্ছে দেশে বড় ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে বাস্তবে দেশে তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে জাহেদ উর রহমান বলেন, যারা অপরাধে জড়িত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে বের করবে এবং আইনের আওতায় আনবে।
এদিকে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, ‘মোটেও না।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





