নারায়ণগঞ্জে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের চট্টগ্রামগামী লেনে প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে চলন্ত বাসটিতে হঠাৎ আগুন লাগে। যাত্রী কম থাকায় দ্রুত বাস থেকে নেমে যান তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ নিয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। অন্যদিকে ফায়ার সার্ভিসের ধারণা, যাত্রীর ছদ্মবেশে কোনো দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়েছেন।
আরও পড়ুনশিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসচালকের বরাত দিয়ে তিনি জানান, দুজন ব্যক্তি যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে আগুন দিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া বাসে অন্য কোনো যাত্রী ছিলেন না।
অন্যদিকে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, বাসে মাত্র দুজন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে পড়েন। তবে তার দাবি, কোনো দুর্বৃত্ত নয়, যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1795254912.jpg)
_medium_1795259643.jpg)