বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট
শিক্ষার্থীদের বিক্ষোভের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি গেটটিতে স্থায়ী প্রহরী নিয়োগ এবং শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হলপাড়ায় জড়ো হন। পরে মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের সামনে অবস্থান করে বিক্ষোভ শুরু করেন। আন্দোলন শুরুর প্রায় আধা ঘণ্টার মধ্যে রাত ১০টা ১৮ থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে গেটের তালা খুলে দেওয়া হয়।
বিক্ষোভে শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীম উদ্দীন হল ও সূর্যসেন হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী ও অধ্যাপক ড. এনামুল হক সজীবের সামনে শিক্ষার্থীদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলন শেষে জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম জানান, প্রশাসন তিনটি বিষয়ে আশ্বাস দিয়েছে। এগুলো হলো—কেন্দ্রীয় প্রশাসনের তত্ত্বাবধানে পকেট গেটে স্থায়ী প্রহরী নিয়োগ, শিক্ষার্থীদের ভোগান্তি হয় এমন সিদ্ধান্ত না নেওয়া এবং শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে তাদের মতামতকে প্রাধান্য দেওয়া।
আরও পড়ুনতিনি বলেন, প্রশাসনের ফ্যাসিবাদী সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অধিকার রক্ষায় শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়েছেন। সচেতনভাবে ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই তাদের শোষণ করতে পারবে না। আজকের আন্দোলনের সফলতা শিক্ষার্থীদের এবং পুরো কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা বা হট্টগোল হয়নি বলেও দাবি করেন তিনি। প্রশাসনের আশ্বাসের পর কর্মকর্তাদের মিষ্টিমুখ করিয়ে বিদায় দেওয়া হয়েছে বলেও জানান এই শিক্ষার্থী।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয় সভায় নিরাপত্তার কারণ দেখিয়ে শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1795079927.jpg)
_medium_1794984688.jpg)



