‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৩
চট্টগ্রামের খাতুনগঞ্জে ঝটিকা মিছিল করে বিএনপি নেতা শামসুল আলমের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে এমইবি গ্রুপ অব কোম্পানির অফিস সহকারী মো. বেলাল বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি করেন। এতে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক ও মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য তানজিরুল হক চৌধুরী (৪০), কোতোয়ালী থানা ছাত্রলীগের সংগঠক অনিক দত্ত (৩০) এবং বাকলিয়া থানা যুবলীগের সক্রিয় সদস্য মো. শাহাব উদ্দিন (২৯)।
মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টার দিকে বাকলিয়ার কয়লার পুল এলাকা থেকে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মিছিল বের করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলটি খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ের সামনে গিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেয়। পরে দুপুর ১টা ১০ মিনিটের দিকে কার্যালয়ে ঢুকে প্লাস্টিকের পার্টিশন গ্লাসসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করেন তারা। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুনএজাহারে আরও বলা হয়, খবর পেয়ে দুপুর ১টা ২০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা আশপাশের গলি দিয়ে পালিয়ে যান। এ সময় তানজিরুল ও অনিককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাকলিয়ার রাজাখালী ফায়ার সার্ভিসের সামনে ১৪ নম্বর গলি থেকে শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মিছিল ও ভাঙচুরে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







