রংপুরে প্রযুক্তির প্রভাব ও পাঠাভ্যাসে ম্লান হচ্ছে পুরোনো বইয়ের বাজার
রংপুর জেলা প্রতিনিধি: রংপুর নগরীর শহীদ জররেজ মার্কেটে পুরোনো বই কেনাবেচায় ধস নেমেছে। সময়ের সাথে পুরোনো বইয়ের সরবরাহ যেমন কমেছে, তেমনি কমেছে ক্রেতার সংখ্যাও। ব্যবসায়ীরা বলছেন, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস বদলে যাওয়ায় আগের মতো কেনাবেচা হচ্ছে না।
রংপুর সিটি করপোরেশন ভবনের বিপরীতে শহীদ জররেজ মার্কেটে পুরোনো বইয়ের ব্যবসায় মন্দাভাবের এমন চিত্র পাওয়া গেছে। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক থেকে শুরু করে দেশি-বিদেশি লেখকদের বই পাওয়া যায় এখানে। দর-কষাকষি করলে দাম হাতের নাগালে থাকে বলে জানিয়েছেন ক্রেতারা।
সরেজমিনে দেখা যায়, মার্কেটের প্রবেশপথের দুই পাশ থেকে শুরু করে ভেতরের ছোট ছোট দোকানে থরে থরে সাজানো বই। নতুন মলাট কিংবা নতুন বইয়ের ঘ্রাণ না থাকলেও এখানে মেলে প্রয়োজনীয় নানা বই। তবে ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম। অনেক দোকানিকে ক্রেতার অপেক্ষায় বসে থাকতে দেখা যায়।
রাশেদ বই ঘরের স্বত্বাধিকারী রশিদুল ইসলাম জানান, এক দশক আগেও এই মার্কেটের পুরোনো বইয়ের দোকানগুলো ছিল শিক্ষার্থীদের কম দামে বই সংগ্রহের অন্যতম জায়গা। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েরা নতুন বইয়ের পরিবর্তে কম দামে পুরোনো বই কিনে পড়াশোনার খরচ কমানোর চেষ্টা করতেন। পাশাপাশি বইপ্রেমীদের কাছে এসব দোকান ছিল পছন্দের লেখকের পুরোনো ও দুর্লভ বই খুঁজে পাওয়ার অন্যতম ঠিকানা। এখন পুরো চিত্র উল্টো। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ পাঠকদের আনাগোনাও কমেছে।
আরও পড়ুনকমদামি বই মেলা দোকানের স্বত্বাধিকারী আল আমিন রাজা জানান, বর্তমানে পুরোনো বইয়ের বাজারে মন্দাভাব চলছে। ইদানিং অনলাইনে বই কেনাবেচার ব্যাপক প্রসার এবং পাঠ্যবইয়ের ডিজিটাল সংস্করণ সহজলভ্য হওয়ায় পুরোনো বইয়ের বিক্রি কমে গেছে।
রংপুরের প্রবীণ ছড়াকার ও গীতিকার এস এম খলিল বাবু বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে রংপুরের পুরোনো বইয়ের ব্যবসা কতটা টিকে থাকতে পারবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বইয়ের প্রতি মানুষের আগ্রহ ফিরিয়ে আনা এবং পুরোনো বইয়ের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারলে এই বাজার আবারও প্রাণ ফিরে পেতে পারে।
মন্তব্য করুন







