দরপতন, কোল্ড স্টোরেজ সংকট এবং ভবিষ্যৎ বাজার চিন্তায় চাষী ও ব্যবসায়ী
বগুড়ায় ১ লাখ টনের বেশি আলু অবিক্রীত
স্টাফ রিপোর্টার: বগুড়ার আলু বাজারে এক জটিল অর্থনৈতিক ও বাণিজ্যিক সংকট তৈরি হয়েছে। পর্যাপ্ত সরবরাহ ও নতুন আলুর আগমনী বার্তার মাঝে কোল্ড স্টোরেজ গেটে পুরোনো আলুর দামে বড় ধরনের পতন ঘটেছে। এতে একদিকে যেমন মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক লোকসানের মুখে পড়েছেন, অন্যদিকে আগামী মৌসুমের আলু মজুদ ও বীজ সরবরাহ নিয়ে এক গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বগুড়া জেলা কৃষি বিপণন অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলার ৫১টি কোল্ড স্টোরেজে মোট ৪ লাখ ৯৭ হাজার মেট্রিক টন আলু মজুদ করা হয়েছিল। গত ১৫ নভেম্বর পর্যন্ত আলু উত্তোলন শেষে কোল্ড স্টোরেজগুলোতে এখনও প্রায় ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন আলু মজুদ রয়েছে।
কোল্ড স্টোরেজ গেটে গত কয়েকদিনে আলুর দাম নিম্নমুখী রয়েছে। এস্টেরিক্স আলু প্রতি ৬২ কেজির প্রতি বস্তা বিক্রি হচ্ছে মাত্র ৫৪০ থেকে ৫৮০ টাকায়। পাকড়ি আলু প্রতি বস্তা বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯০০ টাকায়।
কোল্ড স্টোর গেট থেকে আলু বের করতে বর্তমান খরচ (ভাড়া, লেবার ও আনুষঙ্গিক ব্যয়সহ) প্রতি বস্তায় পড়ছে ৩৮০ থেকে ৪০০ টাকা। অথচ বাজারমূল্য ৫৪০ থেকে ৫৮০ টাকা হওয়ায় বস্তাপ্রতি পরিবহন ও অন্যান্য খরচ বাদ দিয়ে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক লোকসান গুণতে হচ্ছে।
কোল্ড স্টোরেজ মালিকদের ভাষ্যমতে, ১৫ নভেম্বর পর্যন্ত কোল্ড স্টোরেজ চালুকাল নির্ধারিত থাকলেও আলু বের করার ধীরগতির কারণে পুরো নভেম্বর মাসেই স্টোরগুলো সচল রাখতে হচ্ছে, যা মালিকদের ওপর বাড়তি পরিচালন ব্যয়ের চাপ সৃষ্টি করছে।
আরও পড়ুনবাজারে ইতোমধ্যে নতুন আলু আসতে শুরু করেছে। ক্রেতাদের সাধারণ প্রবণতা হলো বেশি দাম দিয়ে হলেও নতুন আলু কেনা, যার ফলে পুরোনো আলুর চাহিদা তলানিতে ঠেকেছে। আলু উত্তোলনের গতি আশানুরূপ না হওয়ায় এবং গ্রাহক বা পাইকারদের অনীহার কারণে স্টোরে পাহাড়সম আলু জমে আছে। মৌসুমের শেষের দিকে এসে চাহিদার তুলনায় জোগান বেশি থাকায় পাইকারি বাজারে দাম পতনের বৃত্তে আটকে গেছে। পরিস্থিতি পর্যালোচনা করলে আগামী দিনগুলোতে আলু বাজারের গতিপ্রকৃতি ও দীর্ঘমেয়াদী প্রভাবগুলো নিম্নরূপ হতে পারে।
আলু বিক্রির বর্তমান দাম উৎপাদন ও স্টোরেজ খরচের চেয়ে কম হওয়ায় অনেক ব্যবসায়ী ও মজুদদার কোল্ড স্টোরেজ থেকে আলু খালাস না করার ঝুঁকি তৈরি করেছেন। স্টোরেই আলু পচে যাওয়ার বা নামমাত্র মূল্যে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
বর্তমান মৌসুমে বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হলে মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীরা আগামী মৌসুমে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে নিরুৎসাহিত হবেন। যদি আগামী মৌসুমে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের হার আশঙ্কাজনকভাবে কমে যায়, তবে বাজারে আলুর তীব্র সংকট এবং মূল্যস্ফীতির মারাত্মক উল্লম্ফন ঘটার প্রবল আশংকা রয়েছে।
মন্তব্য করুন







