দিনাজপুরে গড়ে উঠেছে যত্রতত্র লাইসেন্সবিহীন বেকারি
দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলায় গভীর জঙ্গলসহ যত্রতত্র লাইসেন্সবিহীন বেকারি গড়ে উঠেছে। এসব বেকারিগুলোতে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যদ্রব্য উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে। এসব উৎপাদিত খাদ্যপণ্য খেয়ে শিশু-কিশোর, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ ক্যান্সার, ডায়াবেটিস, পেটের পিড়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে।
সরেজমিনে পরিদর্শন ও বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দিনাজপুর জেলায় প্রায় ১৫০টির উপর ছোট-বড় বেকারি ও চানাচুর কারখানা রয়েছে। কিন্তু লাইসেন্সধারী বেকারি রয়েছে মাত্র ৭৬টি। এ ব্যাপারে দিনাজপুর বেকারি মালিক সমিতি দিনাজপুর জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েও কোন ফলাফল আসেনি।
অভিযোগে উল্লেখ করা হয়, দিনাজপুরে মাত্র ৭৬টি বেকারি ও চানাচুর কারখানা আইন মেনে বেকারি ও কারখানা পরিচালনা করলেও বাকি ৭৪টি কোন আইন ও নিয়মকানুন মানছে না। জেলার ১৩টি উপজেলায় শতাধিক অবৈধ লাইসেন্সবিহীন বেকারি অবৈধভাবে চানাচুর, বিস্কুট, পাউরুটি, কেক, লাচ্ছাসহ নানা খাদ্যদ্রব্য উৎপাদন করছে। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে এসব বেকারিতে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে কিন্তু এসব দেখার কেউ নেই।
দিনাজপুর বেকারি মালিক সমিতির সভাপতি মো. সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক মো. শামীম শেখ বলেন, ২০০৯ সাল থেকে শুধুমাত্র মোবাইল কোর্ট করে জরিমানা করা হচ্ছে। কিন্তু মামলা, গ্রেফতার ও আইনি প্রক্রিয়া না নেয়ার কারণে অবৈধভাবে গড়ে উঠা লাইসেন্সবিহীন বেকারি ও কারখানাগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে।
আরও পড়ুনদিনাজপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (উত্তর সার্কেল) আর,ও মো. আজিজুল ইসলাম জানান, ২৭টি বেকারি ও চানাচুর কারখানা এবং দক্ষিণের ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম জানান, ২৬টি বেকারি ও চানাচুর কারখানাসহ মোট ৫৩টি বেকারি ও চানাচুর কারখানা ভ্যাট পরিশোধ করেন দিনাজপুর জেলা বেকারি মালিক সমিতির মাধ্যমে। অথচ দিনাজপুরে প্রায় ১৫০টির মত ছোট বড় বেকারি ও কারখানা রয়েছে। এক্ষেত্রেও সরকার বিপুল অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
দিনাজপুর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. গোলাম রসুল রাখি বলেন, স্বাস্থ্য পরীক্ষা ও মেডিকেল ফিটনেস লাইসেন্সের ক্ষেত্রে তদন্ত করে লাইসেন্স দেয়া হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদিত হওয়ায় শিশু, কিশোর, বৃদ্ধ-বৃদ্ধাসহ নানা ধরনের মানুষ ক্যান্সার, ডায়াবেটিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে এ তথ্যটি উড়িয়ে দেয়া যায় না।
তাই খাদ্যদ্রব্য উৎপাদিত যে কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে সতর্ক থাকার উচিত বলে তিনি অভিমত প্রকাশ করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দীন জানান, আমরা অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করি।
মন্তব্য করুন







