ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ০৮:২২ পিএম

স্ত্রীকে অতিরিক্ত ভালোবাসা কি শিরক?

স্ত্রীকে অতিরিক্ত ভালোবাসা কি শিরক?

সম্প্রতি আলেম হিসেবে পরিচিত এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ‘স্ত্রীকে বেশি ভালোবাসা শিরক’। তার এই পোস্টটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই ওই পোস্টে রিয়েক্ট ও মন্তব্য করেছেন। অনেকে ওই পোস্ট বা পোস্টের স্ক্রিনশট শেয়ার করেও নানা মন্তব্য করেছেন। গত ১১ নভেম্বর ফেসবুকে পোস্ট হওয়ার পর থেকে আজ শুক্রবার পর্যন্ত পোস্টটিতে রিয়েক্ট করেছেন অর্ধ লক্ষের বেশি মানুষ, কমেন্ট পড়েছে দশ হাজারের বেশি, স্ক্রিনশট ছাড়া সরাসরি শেয়ারও হয়েছে সাড়ে নয় হাজারের বেশি।

অনেকেই প্রশ্ন করছেন, তার এই কথাটি সঠিক কি না? সঠিক না হলে আলেম হিসেবে পরিচিত একজন ব্যক্তি এটা কেন বলছেন? ইসলামে তার এই বক্তব্যের কোনো ভিত্তি বা সূত্র আছে কি না?

এক কথায় যদি বলি এসব প্রশ্নের উত্তর হলো, ইসলামে স্ত্রীর প্রতি স্বামীর স্বাভাবিক ভালোবাসা, স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ, যত্ন ও সেবা অত্যন্ত প্রশংসনীয় কাজ, আল্লাহ তাআলার নির্দেশিত ইবাদত ও নেক আমল, শিরক হওয়ার প্রশ্নই আসে না। 

কোরআন ও হাদিসে স্ত্রীকে বেশি ভালোবাসতে, স্ত্রীর সঙ্গে যত বেশি সম্ভব ভালো আচরণ করতে উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘তাদের সাথে দয়া ও সততার সঙ্গে জীবন যাপন কর, যদি তাদেরকে না-পছন্দ কর, তবে হতে পারে যে তোমরা যাকে না-পছন্দ করছ, তারই মধ্যে আল্লাহ বহু কল্যাণ দিয়ে রেখেছেন।’ (সুরা নিসা: ১৯) স্ত্রীর সঙ্গে খারাপ আচরণকে জুলুম ঘোষণা করে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘হয় ভালোভাবে তাদের (স্ত্রীদের) রেখে দেবে অথবা ভালোভাবে তাদেরকে ছেড়ে দেবে। তাদেরকে কষ্ট দিয়ে সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদেরকে আটকে রেখো না। আর যে তা করবে সে তো নিজের প্রতি জুলুম করবে।’ (সুরা বাকারা: ২৩১)

হাদিসে স্ত্রীর সঙ্গে উত্তম আচরণকে ইমানের পূর্ণতা বলা হয়েছে। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘মুমিনদের মাঝে ইমানে সেই পরিপূর্ণ, তাদের মাঝে যার চরিত্র সুন্দরতম। তোমাদের মধ্যে উত্তম হলো তারা, যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম।’ (সুনানে তিরমিজি) আরেকটি হাদিসে রাসুল (সা.) বলেন, ‘নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তাদেরকে তোমরা আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো, আল্লাহর কালিমার মাধ্যমে তাদের সাথে সহবাস বৈধ করেছ।’ (তাবারি ফিত-তাফসীর)

তবে ইসলামে কিছু ভালোবাসা শিরক এটা ঠিক, পবিত্র কোরআনে বিশেষ ধরনের ভালোবাসার নিন্দা করা হয়েছে যাকে শিরকি ভালোবাসা বলা যায়।

শিরকি ভালোবাসা কোনটি?

কুরআনে যে ভালোবাসার নিন্দা করা হয়েছে, তা হলো কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিয়ে ভালোবাসা। অর্থাৎ ভালোবাসা ও আনুগত্য দুটোই এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যেখানে আল্লাহর প্রতি যে পূর্ণ ভক্তি, বিনয় ও আত্মসমর্পণ প্রাপ্য, তা অন্য কাউকে দেওয়া হয়।

আল্লাহ তাআলা বলেন, ‘মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অন্যকে তাঁর সমকক্ষ বানিয়ে নেয় এবং আল্লাহকে ভালোবাসার মতো করে তাদের ভালোবাসে। আর যারা ইমান এনেছে, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা সবচেয়ে প্রবল।’ (সুরা বাকারা: ১৬৫)

কেয়ামতের দিন দেবদেবীদের আল্লাহ তাআলার সমকক্ষ বানানোর কারণে মুশরিক জাহান্নামিদের আক্ষেপের কথাও কোরআনে এসেছে, (তারা বলবে) ‘আল্লাহর কসম, আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে ছিলাম, যখন তোমাদের আমরা জগতসমূহের প্রতিপালকের সমকক্ষ গণ্য করতাম।’ (সুরা শুআরা: ৯৭-৯৮)

আরও পড়ুন

সুতরাং যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ তাআলার সমান বা তার চেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে, তার আনুগত্য করে, তাহলে এই ভালোবাসা শিরক হবে।

স্বভাবজাত ভালোবাসা শিরক নয়

মানুষের অন্তরে স্ত্রী, সন্তান, মা-বাবা ও আপনজনের জন্য যে ভালোবাসা জন্মায়, তা আল্লাহরই সৃষ্টি করা স্বভাব। এই স্বভাবজাত ভালোবাসা শিরক নয়, বরং এটা আল্লাহ তাআলারই নিদর্শন ও নেয়ামত।

আল্লাহ তাআলা বলেন, ‘তাঁর নিদর্শনগুলোর একটি এই যে, তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।’ (সুরা রুম: ২১)

নবীজির (সা.) জীবনেই রয়েছে উদাহরণ

আমর ইবনুল আস (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) তাকে 'যাতুস সালাসিল' অভিযানের সেনাপতি করে পাঠিয়েছিলেন। ফিরে এসে তিনি জিজ্ঞেস করলেন, ‘মানুষের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে?’ নবীজি বললেন, ‘আয়েশা।’ তিনি আবার জিজ্ঞেস করলেন, ‘পুরুষদের মধ্যে?’ নবীজি বললেন, ‘তার পিতা’ ‘তারপর কে?’ নবীজি বললেন, ‘ওমর ইবনুল খাত্তাব।’ এরপর তিনি আরও কয়েকজনের নাম বললেন। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

লক্ষ করার বিষয়, মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি হিসেবে নবীজি (সা.) প্রকাশ্যেই নিজের স্ত্রীর নাম নিয়েছেন। অর্থাৎ তিনি তাকে অনেক বেশি ভালোবাসতেন, দুনিয়ার অন্য সব মানুষের চেয়ে বেশি। এটাকে তিনি শিরক বা বড় পাপ তো দূরের কথা, ছোট ত্রুটিও মনে করেন নাই।

সাধারণভাবে স্ত্রীকে বেশি ভালোবাসা বলতে আমরা দুনিয়াবি ভালোবাসার কথাই বোঝাই বা বুঝি। স্ত্রীকে ভালোবাসা মানে স্ত্রীর ইবাদত করা বা স্ত্রীকে পূজা করা নয়।

সীমারেখা কোথায়?

স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা যেন আল্লাহর আদেশ লঙ্ঘনের কারণ না হয়। স্ত্রীকে খুশি করতে গিয়ে যদি কেউ হারাম কাজে জড়িয়ে পড়ে, ফরজ ইবাদত ছেড়ে দেয় বা আল্লাহর বিধানের ওপর স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়, তখন স্ত্রীর প্রতি ভালোবাসা গুনাহের কারণ হয়ে ওঠে। স্ত্রীর প্রতি ভালোবাসা যত গভীরই হোক, মুমিনের আনুগত্য ও চূড়ান্ত বশ্যতা হতে হবে কেবল আল্লাহর জন্য।

ওই ব্যক্তি এ রকম পোস্ট করলেন কেন?

ফেসবুকে আলেম হিসেবে পরিচিত ওই ব্যক্তি পোস্টটি করেছেন সম্ভবত মজা করে। কিন্তু তার এই পোস্টটি অনেকের ভুল ধারণা সৃষ্টি হওয়ার কারণ হয়েছে। তিনি হয়তো পরবর্তীতে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে কোনো পোস্ট করবেন, কিন্তু ওই সংক্ষীপ্ত পোস্টটি যত মানুষের কাছে পৌঁছেছে, নতুন পোস্ট তত মানুষের কাছে পৌঁছার সম্ভাবনা খুব কম। ইসলামি জ্ঞান যেহেতু মানুষের ইমান ও আমলের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত, তাই ইসলামি জ্ঞান নিয়ে মজা করা বা এভাবে টুইস্ট করা যা সাধারণ মুসলমানের বিভ্রান্তি বা ভুল ধারণাার কারণ হয় কোনোভাবেই সমীচীন নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

১

স্ত্রীকে অতিরিক্ত ভালোবাসা কি শিরক?

২

বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

৩

দেশে ১৪৭ পোশাক কারখানা পুরোপুরি বন্ধ ঘোষণা করলো বিজিএমইএ

৪

নীলফামারীর ডিমলায় অগ্নিকাণ্ডে কোটি টাকার সম্পদ ভস্মীভূত

৫

টেকনাফে মাদকের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে ছাত্রদল

৬