ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ১২:২১ এএম

প্রযোজক ও অভিনেতা হিসেবে নতুন ইনিংস শুরু রোনালদোর

ছবি : সংগৃহীত, প্রযোজক ও অভিনেতা হিসেবে নতুন ইনিংস শুরু রোনালদোর

স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠের পর এবার বিনোদন জগতে নতুন যাত্রা শুরু করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই এ খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী এই ফুটবলার।

রোনালদো জানিয়েছেন, ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে সিরিজটি নির্মাণ করছেন তিনি। ২০২৫ সালে ভনের সঙ্গে মিলে ‘ইউআর মার্ভ স্টুডিওস’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন রোনালদো। ‘কিংসম্যান’ ও ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’-এর মতো সিনেমা পরিচালনা করে পরিচিতি পেয়েছেন ম্যাথিউ ভন।

ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো 'ডে ওয়ানস'-এর প্রোডাকশন মাত্রই শুরু হলো। সামনে আরও চমক আসছে!’

স্ক্রিপ্টেড ড্রামা সিরিজটিতে ব্রিটিশ ফুটবলের বাণিজ্যিক জগতের নানা দিক তুলে ধরা হবে। এর গল্পের কেন্দ্রে থাকবেন স্ট্যানলি ডাল্টন নামের একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। খেলোয়াড়দের দলবদল, দর-কষাকষি ও বাণিজ্যিক চুক্তির জটিল পরিস্থিতি সামলানোই হবে তাঁর কাজ।

সিরিজটিতে স্ট্যানলি ডাল্টন চরিত্রে অভিনয় করবেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। এ ছাড়া প্রজেক্টটিতে যুক্ত হয়েছেন ফ্রান্স ও আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র‍্যাপার ডেভ।

আরও পড়ুন

ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের মৌলিক ভাবনা থেকে সিরিজটির গল্প তৈরি হয়েছে। তিনি সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরিরও এজেন্ট ছিলেন।

প্রযোজনা প্রতিষ্ঠানটির চিফ ক্রিয়েটিভ অফিসার কার্লোস পেরেস জানিয়েছেন, সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন রোনালদো। পাশাপাশি কয়েকটি পর্বে নিজের ভূমিকায় ক্যামিও চরিত্রেও দেখা যাবে তাঁকে।

পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী রোনালদো পরিচালক ম্যাথিউ ভন, অভিনেতা ড্যামিয়ান লুইস ও র‍্যাপার ডেভের সঙ্গে তোলা কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ছবিগুলোর মধ্যে প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুমের একটি ছবিও রয়েছে।

তবে ‘ডে ওয়ানস’ সিরিজটি কবে মুক্তি পাবে, কোন প্ল্যাটফর্মে প্রচারিত হবে কিংবা এতে কতটি পর্ব থাকবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রযোজক ও অভিনেতা হিসেবে নতুন ইনিংস শুরু রোনালদোর

১

শুক্রবার সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২

রংপুর নগরীতে দখলমুক্ত সড়ক, ফুটপাতে স্বস্তিতে পথচারীরা

৩

ভোরের শিশিরে বদলাচ্ছে প্রকৃতি

৪

৫০ হাঁস দিয়ে শুরু, শফিকের মাসে আয় ৭০ হাজার টাকা

৫

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ

৬