বগুড়ার দুপচাঁচিয়ায় ৯ কলেজের ৮টিতেই ক্লাস হয় অনিয়মিত, এইচএসসি’র ফলাফল বিপর্যয়
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চলতি বছরে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ৯টি কলেজের মধ্যে ৮টিতেই বিপর্যয় ঘটেছে। ক্লাসে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতিতে শিক্ষার্থীদের পাঠদানে ভয়াবহ ঘাটতি ঘটেছে, যার প্রভাব পড়েছে এইচএসসি পরীক্ষার ফলাফলে।
আজ সোমবার (৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন কলেজ সরজমিনে ঘুরে দেখা গেছে, কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার কম। শিক্ষকদের অভিযোগ গড়ে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী ক্লাসে নিয়মিত উপস্থিত থাকেন। অনেক কলেজে তার চেয়েও কম। অর্থাৎ বাকি ৬৫ থেকে ৭০ শতাংশ শিক্ষার্থী অনিয়মিত।
ক্লাসে শিক্ষার্থীদের কম উপস্থিতি, পাঠদানের ঘাটতি এবং শিক্ষাব্যবস্থার কাঠামোগত দুর্বলতাকে শিক্ষাসংশ্লিষ্টরা এবারে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের উন্নতম কারণ হিসেবে দেখছেন। তালোড়া সরকারি শাহ এয়তেবারিয়া কলেজের অধ্যক্ষ হারুন ইবনে সালাম, দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম তালুকদার, মর্ত্তুজাপুর কলেজের অধ্যক্ষ শামসুন নাহারসহ অনেকেই জানান, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের মনযোগের অভাব রয়েছে।
৩০ থেকে ৩৫ শতাংশ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত থাকছে। বাকি ৬৫ থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে আনতেই পারছেন না। শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে বুঝিয়েও ক্লাসে উপস্থিত করা সম্ভব হচ্ছে না, যা অত্যান্ত হতাশাব্যাঞ্জক। যে কারণে নিম্নমুখী ফল দেখতে হচ্ছে। এবিষয়ে অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন বলে তারা অভিমত ব্যক্ত করেন।
উপজেলা শিক্ষার মান উন্নয়ন ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম ফারুক, ফল বিপর্যয়ের জন্য শিক্ষক ও শিক্ষার্থী উভয়পক্ষের ঘাটতিকে দায়ী করছেন। শিক্ষদের একাগ্রতা ও শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতার অভাব রয়েছে।
অনেক শিক্ষকই নিয়মিত কলেজে আসেন না। আবার কেউ কলেজে এলেও হাজিরা খাতা সই করেই ইচ্ছেমত চলে যান। আবার কেউ দুই এক দিন পরপর কলেজে এসে হাজিরা খাতায় সই করে সরকারি বেতন-ভাতাদি গ্রহণ করে যাচ্ছেন। তারা শ্রেণিকক্ষে পাঠদানের চেয়ে প্রাইভেট চর্চাকে গুরুত্ব বেশি দিয়ে থাকেন। পাশাপশি শিক্ষার্থীদের পড়াশোনায় অবহেলা রয়েছে।
তারাও ক্লাসে কম যাচ্ছে, বাহিরে ঘোরাঘুরি ও মোবাইল ফোনে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আসক্ত হয়ে পড়েছে। এগুলো ফল বিপর্যয় হওয়ার অন্যতম কারণ। এবারে ফলাফলে সারা দেশের মতো দুপচাঁচিয়া উপজেলার অভিভাবকরাও উদ্বিগ্ন ও হতাশ।
আরও পড়ুনআজ সোমবার (৯ নভেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন জানান, অনেক কলেজের শিক্ষকরা নিয়মিত কলেজে উপস্থিত না থেকেই সরকারি বেতন-ভাতা গ্রহণ করছেন। বিষয়টি তিনি অবগত হলেও তার পক্ষে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। কারণ হিসেবে তার পক্ষে ব্যবস্থা গ্রহণ করার কোনো ক্ষমতা নেই। তবে এ বিষয়ে রাজশাহীর উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করে ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান।
উল্লেখ্য, চলতি বছরে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার ৯টি কলেজের মধ্যে ১টি মাত্র বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে ২২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৯ জন জিপিএ-৫সহ ২১৮ জন পাশ করেছে। শতকরা ৯৮.৬৪ ভাগ পাশ করলেও বাকি ৮টি কলেজের ফলাফলের বিপর্যয় ঘটেছে। এদের মধ্যে দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান ডিগ্রি কলেজে ১৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২০ জন পাশ করেছে। পাশের শতকরা হার ১০.৩১।
দুপচাঁচিয়া মহিলা ডিগ্রি কলেজ থেকে ৩৪১ জন অংশগ্রহণ করে ১৬৮ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৪৯.২৭। তালোড়া সরকারি শাহ এয়তেবারিয়া কলেজ থেকে ২১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৮ জন পাশ করেছে। পাশের শতকরা হার ২২.৭৫। সরকারি শহীদ মনছুর আলী ডিগ্রি কলেজ থেকে ১৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৭ জন পাশ করেছে। পাশের শতকরা হার ১৫.২৫।
মর্ত্তুজাপুর কলেজ থেকে ৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৪ জন পাশ করেছে। পাশের শতকরা হার ১৪.১৪। আছির উদ্দিন চিশতী মেমো. স্কুল এন্ড কলেজ থেকে ৮২ জন অংশগ্রহণ করে ২১ জন পাশ করেছে। পাশের হার শতকরা ২৫.৬১।
বিডিএম আদর্শ হাই স্কুল এন্ড কলেজ থেকে ১৫ জন অংশগ্রহণ করে ১ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৬.৬৭। ও বড় নিলাহারী বেড়াগ্রাম কলেজ থেকে ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬ জন পাশ করেছে। পাশের শতকরা হার ১৬.২২।
মন্তব্য করুন







