শেরপুরে সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কায় প্রবাসী নিহত, আহত ৪
শেরপুর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় জুয়েল মিয়া (৪১) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের শেরপুর সদর উপজেলার জোড়া পাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল মিয়া নকলার বারমাইসা খিচা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে প্রবাসী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে শেরপুরগামী শেরপুর চেম্বার্স অব কমার্সের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জুয়েল মিয়ার মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে রয়েছেন নকলা পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ ফেরদৌসুর রহমান (৫০), হিসাব সহকারী আলমগীর হোসেন (৩২), শফিকুল ইসলাম (৪৫) ও দুলাল মিয়া (৬০)। ফেরদৌসুর রহমানকে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর হোসেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শফিকুল ইসলাম ও দুলাল মিয়া শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুননিহত জুয়েল মিয়ার চাচাতো ভাই এরশাদ আলী জানান, তার ভাই প্রায় ১৪ বছর ধরে প্রবাসে থাকেন। ২০ দিন আগে তিনি দেশে এসেছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে বর্তমানে তার সঙ্গে প্রবাসে রয়েছে। মঙ্গলবার বিকেলে শেরপুরে এসেছিলেন জুয়েল। বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
নকলা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান জানান, পৌরসভার হিসাবরক্ষক ও হিসাব সহকারীকে নিয়ে তিনি বিকেলে শেরপুরে এসেছিলেন। পরদিন বদলিজনিত কারণে বিদায় নিতে যাওয়া তিন কর্মকর্তার জন্য উপহার কিনতে তারা শেরপুরে আসেন। কাজ শেষে তিনি বাসায় ফিরে যান। পরে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আহত ফেরদৌসুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, রাত ৯টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের হাওরাখান বাড়ি এলাকার মমিন মেম্বারের বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে নিহত অবস্থায় পায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম নেওয়ার কাজ চলমান রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






