‘ভোট ডাকাতি করব না জালিয়াতি করতেও দেব না’ : গোলাম পরওয়ার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা ভোট কাটব না, ভোট ডাকাতি করব না, জালিয়াতি করব না; কিন্তু কাউকে জালিয়াতি করতেও দেব না ইনশাআল্লাহ!
আজ শনিবার (২৪ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা জামায়াতের উদ্যোগে জিলা স্কুল বড় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নির্বাচনে কোনো প্রকার অনিয়ম বা জালিয়াতির চেষ্টা করা হলে কঠোর প্রতিরোধের ঘোষণা দিয়ে গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে যদি তালবাহানা করা হয়, তবে নির্বাচন অফিস ঘেরাও করে দিন-রাত সেখানে বসে থাকবেন।
কোনো ভোটকেন্দ্রে যদি প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার সিল মারতে সাহায্য করেন, কিংবা ভোট গণনায় দুর্নীতি দেখা যায় তবে প্রত্যেকটি ভোটকেন্দ্র ঘেরাও করে বসে থাকবেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, প্রিসাইডিং অফিসার একটাকেও বের হতে দেবেন না। দড়ি দিয়ে খুঁটিতে বেঁধে রেখে আমাদেরকে ফোন করবেন।
একটা প্রিসাইডিং অফিসারও যেন পালিয়ে যেতে না পারেন। তিনি আরও জানান, জনগণ যাতে নির্ভয়ে ও নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে পারে, সে দাবি নিয়ে পরদিন নির্বাচন কমিশনারের কাছে পরিষ্কার বক্তব্য পেশ করতে যাবেন।
ক্ষমতাসীন দল বিএনপির সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি এই সাত-আট মাসে লেজেগোবরে অবস্থা তৈরি করেছে। আট মাস না যেতেই চারজন মন্ত্রী-এমপি পদত্যাগ করেছেন। সকালে এক কথা, বিকেলে এক কথা, তাদের মাথা ঠিক নেই! মানুষের শরীরে ১০২ থেকে ১০৪ ডিগ্রি জ্বর উঠলে কথাবার্তার তালগোল যেমন ঠিক থাকে না, তাদের অবস্থাও এখন তেমনই হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আরও পড়ুনতিনি অভিযোগ করেন, সংসদ সদস্যরা পিস্তল নিয়ে নামছেন, মাদক ধরা পড়ছে এবং সরকারের একজন বড় মন্ত্রীর বাড়ির পাশ দিয়ে সব মাদক আসছে। এছাড়া ৩০–৪০ হাজার কোটি টাকার উন্নয়নের কাজ এক মন্ত্রীর ছেলে ও ভাগ্নেকে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "লুটপাটের হাট বসাইছে বিএনপি এখন!"
একইদিন বিকেলে ঠাকুরগাঁও শহরের লা-রোজ রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন গোলাম পরওয়ার। সেখানে তিনি ঠাকুরগাঁও-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেনের পক্ষে ভোট চান এবং প্রতিদ্বন্দ্বী বিএনপির পার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ তোলেন।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীনের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।
মন্তব্য করুন







