সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে জমি ফিরে পেলেন বৃদ্ধ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অবশেষে প্রশাসনের গৃহীত পদক্ষেপে এবং সাব-রেজিস্ট্রারের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন আজিজুল হক সরকারকে তার ১৪ শতক জমি ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৪ অক্টোবর উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন আজিজুল হক সরকারের কাছ থেকে অবৈধভাবে কমিশন দলিল করে তার ১৪ শতক ফসলি জমি লিখে নেন বৃদ্ধের নিজের ভাতিজা সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও তার দুই সহোদর ভাই শাহ আলম ও শাহাদত হোসেন।
আবুল কালাম আজাদরা বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে তার চাচা আজিজুল হক সরকারকে কৌশলে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লার একটি বাড়িতে নিয়ে তাকে ৫ হাজার টাকা দিয়ে পূর্বপরিকল্পিতভাবে কমিশনের মাধ্যমে ১৪ শতক জমির বিক্রয় দলিলে টিপসই নেন।
পরে বিষয়টি জানাজানি হলে আজিজুল হক সরকারের ছেলে ফারুক হোসেন ও তার স্বজনেরা এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও উল্লাপাড়া সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র দেন। যার প্রেক্ষিতে দৈনিক করতোয়ায় গত ২২ অক্টোবর ‘উল্লাপাড়ায় বয়স্ক ভাতার কার্ডের নামে জমি লিখে নেওয়ার অভিযোগ’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
আরও পড়ুনউল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম প্রকাশিত বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। সাব-রেজিস্ট্রার ঘটনা তদন্ত করে এর সত্যতা পান। আজিজুল হক সরকারের ছেলে ফারুক হোসেন জানান, গতকাল উল্লাপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক আব্দুল মতিনের নেতৃত্বে দলিল লেখকদের আহ্বানে তাদের কার্যালয়ে এক সমঝোতা বৈঠক হয়।
এখানে ফারুক হোসেনের চাচাতো ভাই আবুল কালামরা তাদের দোষ স্বীকার করেন এবং তাদের চাচা আজিজুল হক সরকারকে অবৈধভাবে নেওয়া ১৪ শতক সম্পত্তি দলিলের মাধ্যমে ফিরিয়ে দেন। জমি ফিরিয়ে দেওয়ার সময় আবুল কালামরা আর কখনো এ ধরণের কর্মকাণ্ড করবেন না মর্মে সাব-রেজিস্ট্রারকে একটি মুচলেকাও প্রদান করেন।
মন্তব্য করুন






