বগুড়ার ধুনটে শীতের আগাম শাকসবজি চাষে মাঠে ব্যস্ততা, লাভের আশায় কৃষক
ধুনট (বগুড়া) প্রতিনিধি: শীতের আগমন এখনো পুরোপুরি শুরু হয়নি। তবে বগুড়ার ধুনট উপজেলার গ্রামীণ ফসলি মাঠ জুড়ে চলছে শীতকালীন সবজি চাষের ব্যস্ততা। কেউ তৈরি করছেন জমি, কেউ রোপণ করছেন চারা, আবার কেউ পরিচর্যা করছেন আগাম লাগানো সবজির গাছ। বাজারে ভালো দাম পাওয়ার আশায় মৌসুম শুরুর আগেই আগাম সবজি চাষে ঝুঁকছেন উপজেলার প্রান্তিক কৃষকেরা। অনুকূল আবহাওয়া ও ভাল বাজারদর থাকলে এবার ভালো লাভের স্বপ্ন দেখছেন তারা।
উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। কোথাও জমিতে চলছে হালচাষ ও সার প্রয়োগ, কোথাও গাছে দেওয়া হচ্ছে কীটনাশক। কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ নতুন করে সবজির চারা রোপণ করছেন। আবার কোনো কোনো কৃষক ক্ষেত থেকে সবজি তুলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন বাজারে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শসা, টমেটো, মুলা, লাউ,, করলা, মরিচ, শইলা, পালংশাক,ধনিয়া পাতাসহ বিভিন্ন ধরনের সবজির চাষে প্রাণচাঞ্চল্য ফিরেছে মাঠে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ১ হাজার ৬৮৬ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর যা ছিল ১ হাজার ৬৫১ হেক্টর, গতবছরের তুলনায় এ বছর ৩৫ হেক্টর জমিতে বেশি সবজির চাষ হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে রবি মৌসুম শুরু হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ার আশায় এখন পর্যন্ত ৩৩৮ হেক্টরের বেশি জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ করেছেন কৃষকেরা।
ক্ষুদ্রপীরহাটি গ্রামের কৃষক রমজান আলী বলেন, মৌসুমের শুরুতেই সবজি বাজারে তুলতে পারলে তুলনামূলক ভালো দাম পাওয়া যাবে। এতে উৎপাদন খরচ মিটিয়ে কিছুটা লাভের মুখ দেখবেন তারা। কৃষক রফিকুল ইসলাম বলেন, আগাম সবজি বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকে। তবে এ ধরনের চাষে জমি প্রস্তুত, সার প্রয়োগ, সেচ ও পোকামাকড় দমনে বাড়তি খরচ করতে হয়। কাঙ্খিত দাম না পেলে লোকসানের আশঙ্কাও রয়েছে।
আরও পড়ুনকৃষক রিপন মিয়া বলেন, প্রতিবছরই তিনি বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। এবার তিনি ১৮ শতক জমিতে করলা চাষ করেছেন। ইতিমধ্যে তার সার বীজ বাবদ ৭ হাজার টাকা খরচ হয়েছে। সুতা বাশসহ প্রয়োজনীয় খরচ হয়েছে আরও ৯ হাজার টাকা। সবজি বাজারজাত পর্যন্ত তার ২০ হাজার টাকার মত খরচ হতে পারে। তবে বাজার ভালো পেলে তিনি ৬০ হাজার টাকার মত বিক্রি করতে পারবেন।
ধুনট উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরুন নাহার বলেন, বাজারে সবজির ভালো দাম থাকায় কৃষকেরা আগাম সবজি চাষে আগ্রহী হচ্ছেন। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন, যাতে তারা সঠিক পদ্ধতিতে চাষাবাদ করে ভালো ফলন পেতে পারেন।
মন্তব্য করুন







