পুড়েছে চিকিৎসা সরঞ্জাম
বগুড়া শজিমেক হাসপাতালে এসি বিস্ফোরণ
শহর প্রতিনিধি : বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুনে চক্ষু বিভাগের একটি কক্ষের চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের চক্ষু বিভাগের ১৫১ নম্বর কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কক্ষটি চোখের লেন্স পরীক্ষা-নিরীক্ষার কাজে ব্যবহৃত হতো। দুপুরের পর বহির্বিভাগ বন্ধ থাকায় ওই সময় সেখানে রোগী বা সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না।

হাসপাতালের ওয়ার্ডবয় ও চতুর্থ শ্রেণি কল্যাণ সমিতির সভাপতি মোজাফফর হোসেন ডালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর আড়াইটার পর হাসপাতালের বহির্বিভাগ বন্ধ হয়ে যায়। এরপর সেখানে হাসপাতালের কর্মচারী ছাড়া রোগী ও সাধারণ মানুষের যাতায়াত বন্ধ থাকে। রাত ১১টার দিকে ওই কক্ষের এসি বিস্ফোরণের পর ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনে চোখের লেন্স পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জামসহ অন্যান্য মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় কক্ষের বাইরের থাই গ্লাসও ভেঙে যায়।
তিনি আরও জানান, এ ঘটনার কারণে চক্ষু বিভাগের চিকিৎসাসেবায় কোনো বিঘ্ন ঘটবে না। বিভাগটির চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন









