দুর্গাপূজা উপলক্ষে নারিকেল ও গুড় বেচাকেনার ধুম
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: পূজাকে কেন্দ্র করে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পাড়ায়-মহল্লায় মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জার ব্যাপক প্রস্তুতি। এই উৎসবকে ঘিরে ঘরে ঘরে চলছে দেবীকে বরণ করার নানা আয়োজন, চলছে কেনাকাটাও।
দুর্গাপূজায় দুর্গাকে হরেক রকমের ফলমূলের পাশাপাশি প্রসাদ দিতে হয় নারিকেল ও নারিকেলের নাড়ু। শুধু দুর্গাই নয়, এসময় বাড়িতে আগত অতিথিদের আপ্যায়নেও রাখতে হয় নারিকেল নাড়ু। অরও রাখতে হয় ফলমূল, মোয়া, মুড়িসহ নানান প্রকার ভেদে মিষ্টি।
এ উপলক্ষে ফুলবাড়ী উপজেলার পৌরশহরসহ বিভিন্ন হাটবাজারে দেখা মিলছে সাজিয়ে রাখা নারিকেলের পসরা। তা কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তবে এছর দেশীয় নারিকেলের পাশাপাশি ভারতীয় নারিকেল আমদানি হয়েছে।
আরও পড়ুনপৌরবাজার ঘুরে দেখা যায়, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে বাজারে নারিকেলের আর গুড়ের পসরা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। সকাল থেকেই প্রতিটি দোকানের সামনে ক্রেতারা ভিড় করছেন। এসব নারিকেলের দাম আকার ভেদে ১৬০ টাকা থেকে ২৩০ টাকা জোড়া। এরমধ্যে ভারতীয় নারিকেল বিক্রি হচ্ছে ১৮০ টাকা জোড়া।
সে অনুযায়ী প্রতি পিস নারিকেলের দাম পড়ছে ৮০-১১৫ টাকা। গত পূজায় একজোড়া নারিকেলের দাম ছিল আকার ভেদে ২৫০-৪০০ টাকা জোড়া। এদিকে নাড়ু তৈরির প্রধান উপকরণ গুড় বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা কেজি দরে। ব্যবসায়ীদের ভাষ্যমতে এবছর ভারতীয় নারিকেল পর্যাপ্ত আমদানি হয়েছে। তাই গত বছরের তুলনায় দাম কিছুটা কম।
মন্তব্য করুন







