ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৫৮ পিএম

সিডনিতে একই মঞ্চে জেমস-রূপম

সিডনিতে একই মঞ্চে জেমস-রূপম

বিনোদন ডেস্ক : সিডনির মাটিতে দুই বাংলার রক সংগীতের দুই পরিচিত মুখের দেখা হতেই তৈরি হয়েছে অন্যরকম এক আবহ। নগরবাউল জেমসের সঙ্গে সাক্ষাতের পর নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি ‘ফসিলস’ ব্যান্ডের রূপম ইসলাম। জেমসকে ‘গুরু’ সম্বোধন করে এবার একই মঞ্চে গান করার অপেক্ষায় রয়েছেন তিনি।

বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন জেমস ও রূপম ইসলাম। সেখানে পৌঁছেই জেমসের সঙ্গে দেখা করেন রূপম। সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে নিজের মুগ্ধতা ও শ্রদ্ধার কথাও জানিয়েছেন তিনি।

রূপম লিখেছেন, ‘জয় রক এবং জয় গুরু! আবার দেখা হলো। গানও হবে। সিডনি—আসছো তো সবাই?’

রূপমের এই পোস্টের পরই দুই শিল্পীর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। কারণ, শুধু সাক্ষাৎ নয়, এবার একই মঞ্চে দুই বাংলার দুই রক তারকার পারফরম্যান্স দেখার সুযোগ তৈরি হয়েছে।

আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে বসার কথা রয়েছে বিশেষ এই কনসার্টের আসর। আয়োজনটি ঘিরে অস্ট্রেলিয়াপ্রবাসী দুই বাংলার সংগীতপ্রেমীদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ।

কনসার্টের আগে এক ভিডিও বার্তায় সিডনিতে পৌঁছানোর খবর জানিয়েছেন জেমস। সেখানে তিনি বলেন, “আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি। দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।”

আরও পড়ুন

দেশের পাশাপাশি বিদেশের মঞ্চেও নিয়মিত ব্যস্ত সময় কাটাচ্ছে নগরবাউল। অন্যদিকে, রূপম ইসলামও নিজের ব্যান্ড ‘ফসিলস’ নিয়ে দুই বাংলার শ্রোতাদের কাছে দীর্ঘদিন ধরে জনপ্রিয়।

জেমস ও রূপমের একসঙ্গে মঞ্চে ওঠার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০২৪ সালে ভারতে আয়োজিত ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের কনসার্টে একসঙ্গে পারফর্ম করেছিলেন দুই রক তারকা। এবার সিডনিতে সেই স্মৃতিই যেন নতুন করে ফিরতে যাচ্ছে।

একদিকে, জেমসের দীর্ঘদিনের রক-ঐতিহ্য, অন্যদিকে রূপমের নিজস্ব পরিবেশনার ধরন—দুই প্রজন্মের দুই শক্তিশালী রকসত্তা যখন একই মঞ্চে, তখন শ্রোতাদের প্রত্যাশাটাও স্বাভাবিকভাবেই একটু বেশি। সিডনির কনসার্টে সেই প্রত্যাশা কতটা পূরণ হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিডনিতে একই মঞ্চে জেমস-রূপম

দেশজুড়ে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে: পা‌নিসম্পদ মন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

দুদক কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ