প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:১৭ পিএম
নজরুলের চেতনায় দুই দিনব্যাপী নৃত্যের উৎসব
নজরুলের চেতনায় দুই দিনব্যাপী নৃত্যের উৎসব
নজরুলের কবিতা, গান আর দ্রোহের ছন্দ এবার ফুটে উঠবে নৃত্যের ভাষায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির প্রেম, সাম্য, মানবিকতা ও বিদ্রোহী চেতনায় মঞ্চ মাতাতে ঢাকায় বসছে দুই দিনের বিশেষ নৃত্য উৎসব।
‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে আয়োজন।
নজরুলের গান ও সৃষ্টির নানা দিককে সমকালীন নৃত্যভাষায় তুলে ধরাই এবারের উৎসবের মূল আকর্ষণ। তার ছন্দ, ভাব, প্রেম, দ্রোহ, সাম্য ও মানবিকতার চেতনাকে নতুন নৃত্যপরিবেশনার মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপন করবেন শিল্পীরা।
উৎসবের প্রতিদিনের আয়োজন শুরু হবে আলোচনা পর্ব দিয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ ছাড়া থাকবেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানসহ আরও অনেকে। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
আলোচনা পর্ব শেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে নৃত্য উৎসবের মূল আয়োজন। নজরুলের বহুমাত্রিক সৃষ্টিশীলতার সঙ্গে নৃত্যের সৃজনশীল সংলাপের মধ্য দিয়ে তৈরি হবে পরিবেশনাগুলোর নিজস্ব নৃত্যভাষা।
চলতি বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে সরকার ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। বছরজুড়ে নানা আয়োজনের অংশ হিসেবেই অনুষ্ঠিত হচ্ছে এই নৃত্য উৎসব।
তবে দুই দিনের উৎসবে কোন কোন নৃত্যশিল্পী অংশ নেবেন, তাদের নাম এখনো প্রকাশ করেনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের পরিবেশনাগুলো সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1789032254.jpg)
_medium_1788968888.jpg)
_medium_1788967695.jpg)

_medium_1788958275.jpg)
