সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর
সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে ভাবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নাগরিক হিসেবে এই দেশে সবার অধিকার সমান। আমাদের সবার গর্বিত পরিচয়—আমরা বাংলাদেশি।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন কংসের মতো এক নিষ্ঠুর শাসক জনগণের কাঁধে চেপে বসেছিল। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক জনগণ হাজারো প্রাণের বিনিময়ে কংসরূপী সেই ফ্যাসিস্ট শাসকের পতন ঘটিয়েছে।
তারেক রহমান বলেন, বাংলাদেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত প্রশাসন ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে এখন দেশ পুনর্গঠনের পালা।
ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আবহমানকাল থেকেই বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালন করে আসছে। তবে বিভিন্ন সময়ে কিছু মানুষ সমাজে বিভেদ ও বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।
আরও পড়ুনদেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার অপচেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি। এসব অপশক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনার অধিকার রয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। একই সঙ্গে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকারও রয়েছে।
তারেক রহমান বলেন, সরকার এমন একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রয়োজন অনুযায়ী সব নাগরিক রাষ্ট্রের সহায়তা পাবেন। একই সঙ্গে নাগরিকরাও রাষ্ট্রের প্রতি তাঁদের দায়িত্ব পালন করবেন। রাষ্ট্র, সরকার ও নাগরিকদের পারস্পরিক দায়িত্ব, আস্থা ও আলোচনার মাধ্যমে একটি কল্যাণকর বাংলাদেশ গড়ে উঠবে।
আগামী দুর্গাপূজার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, তাঁরা যেন শান্তি, স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে সব ধর্মীয় উৎসব পালন করতে পারেন। এ সময় তিনি শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছার পাশাপাশি দুর্গাপূজার আগাম শুভেচ্ছাও জানান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1788414201.jpg)
_medium_1788413572.jpg)
_medium_1788412299.jpg)
_medium_1788411781.jpg)


