এন্ড্রিককে আবারও লোনে পাঠাতে চায় রিয়াল
স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্ড্রিকের ভবিষ্যৎ নিয়ে আবারও নতুন করে জল্পনা শুরু হয়েছে। ২০২৪ সালে বিশাল প্রত্যাশা নিয়ে বার্নাব্যুতে যোগ দিলেও স্প্যানিশ জায়ান্টদের হয়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। শোনা যাচ্ছে, অভিজ্ঞতা অর্জনের জন্য নতুন মৌসুমে আবারও লোনে (ধারে) অন্য কোথাও পাড়ি জমাচ্ছেন ২০ বছর বয়সী এই তারকা। আর তার এই নতুন গন্তব্য হতে পারে ইংল্যান্ডের ক্লাব অ্যাস্টন ভিলা।
রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে বর্তমানে তীব্র প্রতিযোগিতা। কার্লো আনচেলত্তি কিংবা জাবি আলোনসো কারো পরিকল্পনায়ই সেভাবে থিতু হতে পারেননি এন্ড্রিক। এর ওপর সম্প্রতি কার্লোস এসপি এবং তরুণ প্রতিভা ইয়ান দিওমান্দের মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্তি তার সুযোগ আরও কমিয়ে দিয়েছে। বর্তমান কোচ জোসে মরিনহো যেহেতু ছোট ও কার্যকরী স্কোয়াড নিয়ে কাজ করতে আগ্রহী, তাই এন্ড্রিকের মতো খেলোয়াড়দের জন্য বিকল্প ক্লাব খুঁজে নেওয়াই এখন মাদ্রিদ কর্তৃপক্ষের অগ্রাধিকার।
মাদ্রিদে সুযোগ না পেলেও গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে ধারে খেলতে গিয়ে নিজের জাত চিনিয়েছেন এন্ড্রিক। সেখানে ২১ ম্যাচে ৮ গোল ও ৮টি অ্যাসিস্ট করেন। এই পারফরম্যান্সের কারণেই তাকে নিয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহ পুনরায় জেগেছে।
আরও পড়ুনস্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের খবর অনুযায়ী, এন্ড্রিককে দলে টানার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে ইউরোপা লিগ জয়ী অ্যাস্টন ভিলা। এছাড়া, ইতালির এএস রোমা এবং স্পেনের রিয়াল সোসিয়েদাদ, ভিয়ারিয়াল ও রিয়াল বেতিসের মতো ক্লাবগুলোও তাকে নিতে বেশ আগ্রহী। তবে এন্ড্রিক নিজে ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া কোনো ক্লাবে খেলার ব্যাপারে বেশি আগ্রহী।
রিয়াল মাদ্রিদ এখনও এন্ড্রিককে ভবিষ্যতের অংশ মনে করে। তাই তাকে স্থায়ীভাবে বিক্রি না করে ধারে পাঠাতেই বেশি আগ্রহী ক্লাবটি। এমনকি তার বার্ষিক ৫ মিলিয়নের বেশি বেতনের একটা বড় অংশ ক্লাব কর্তৃপক্ষ নিজেরা বহন করতেও রাজি আছে। যাতে ভালো পরিবেশে থেকে এন্ড্রিক নিজেকে গড়ে তুলতে পারেন এবং ভবিষ্যতে রিয়ালের মূল দলের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন।
মন্তব্য করুন

_medium_1786361322.jpg)






