বগুড়ার ধুনটে পারিবারিক বিরোধে রাস্তায় বাঁশের বেড়া, অবরুদ্ধ ৮ পরিবার
ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনটে পারিবারিক বিরোধের জেরে বাড়িতে যাতায়াতের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৮টি পরিবারের প্রায় ২৫ জন মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন। বাড়ি থেকে বের হতে হলে তাদের পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সরেজমিন দেখা যায়, উপজেলার কৈগাতি গ্রামের আবু সুফিয়ান কুড়ানের সঙ্গে একই এলাকার মুনসের আলীর ছেলে হোসেন আলীর পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে প্রায় এক সপ্তাহ আগে হোসেন আলী কৈগাতি পূর্বপাড়া গ্রামের মানুষের চলাচলের রাস্তা এবং আবু সুফিয়ান কুড়ানের বাড়িতে পায়ে হেঁটে যাতায়াতের চারটি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন।
এতে অবরুদ্ধ পরিবারের সদস্যরা স্কুল, হাট-বাজার, ফসলি জমিতে কৃষিকাজ ও গবাদিপশু মাঠে নিয়ে যেতে পারছেন না। ভুক্তভোগী আবু সুফিয়ান কুড়ানের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। দ্রুত বেড়া অপসারণ করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
আরও পড়ুনএ বিষয়ে অভিযুক্ত হোসেন আলী বলেন, আবু সুফিয়ান কুড়ান তার জায়গা দিয়ে যাতায়াত করতে না দেয়ায় আমার জায়গায় বেড়া দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছি। তবে এলাকার অন্যরা বেড়ার পাশের তার জমি দিয়েই যাতায়াত করছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন







