ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ০৮:১৬ পিএম

আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চলে প্রাথমিকভাবে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হলেও মোট বিনিয়োগ এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় অনুষ্ঠিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, এই বিনিয়োগ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ প্রকল্পে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এর ইতিবাচক অর্থনৈতিক প্রভাব শুধু আনোয়ারা নয়, পুরো অঞ্চলেই পড়বে। একই সঙ্গে এখানে শক্তিশালী সাপ্লাই চেইন ও বিভিন্ন সেবামূলক খাত গড়ে উঠবে।

তিনি আরও বলেন, শিল্পায়নের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিও সমান গুরুত্বপূর্ণ। এ কারণে তিনি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে আনোয়ারা বা চট্টগ্রামে একটি মানসম্মত দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার অনুরোধ জানান। তিনি উল্লেখ করেন, এমন কেন্দ্র গড়ে উঠলে চীনা ও স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের জন্য দক্ষ কর্মী তৈরি হবে এবং বিদেশেও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে।

আরও পড়ুন

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার ডিরেগুলেশন বা নিয়ন্ত্রণমুক্তকরণ নীতিতে জোর দিচ্ছে। বাংলাদেশ এখন ব্যবসার জন্য ২৪ ঘণ্টা ও সপ্তাহের ৭ দিনই উন্মুক্ত। দেশি-বিদেশি বিনিয়োগের স্বার্থে প্রয়োজনীয় যেকোনো নীতিগত পরিবর্তন আনতে সরকার প্রস্তুত।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও হুমাম কাদের চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ম বারের মতো যুক্তরাষ্ট্রে কণা, টানা ১৬ শো’তে গাইবেন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

বগুড়ায় দুই মাদককারবারির যাবজ্জীবন কারাদন্ড

অন্যের অপমান দেখতে ভালো লাগে? জেনে নিন কারণ

জাতীয় অধ্যাপক হলেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ

সাতলার লাল শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু