৪ দিন পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। কাপ্তাই লেকের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় বুধবার (২২ জুলাই) রাত ১১টায় একযোগে সব জলকপাট বন্ধ করা হয়।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান জানান, গত চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি নিষ্কাশনের ফলে লেকের পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে কমেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বুধবার রাত ১১টায় সব জলকপাট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, রাত ১১টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ২৬ ফুট মিন সি লেভেল। একই সময়ে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট সচল ছিল এবং সেখান থেকে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল।
আরও পড়ুনএর আগে, গত শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৪ দশমিক ০৮ ফুট মিন সি লেভেলে পৌঁছে বিপৎসীমার কাছাকাছি চলে গেলে স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছিল।
টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের ফলে লেকের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় স্পিলওয়ের সব জলকপাট বন্ধের সিদ্ধান্ত নেয় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








