মর্গে নারী ডোম নিয়োগ দিতে হাইকোর্টের রুল
নারীর মরদেহ ময়নাতদন্তে হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আজ রোববার (১৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনির উদ্দিন।
এর আগে গত সোমবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ বিষয়ে রিট দায়ের করেন। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
আইনজীবী মো. মনির উদ্দিন এর আগে বাংলাদেশের পোস্টমর্টেম করা হাসপাতালগুলোতে একজন করে নারী ডোম নিয়োগে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেন। আবেদনে বলা হয়, বাংলাদেশ একটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ রাষ্ট্র। ইসলাম ধর্মসহ সব ধর্মের নারীর লাশ সতর বা পর্দার অন্তরালে রাখা বিধান রয়েছে। ময়নাতদন্ত আইনি প্রক্রিয়া হলেও নারীর ক্ষেত্রে পরপুরুষের স্পর্শ বা উপস্থিতি গ্রহণযোগ্য নয়।
আবেদনে আরও বলা হয়, ইতিপূর্বে পুরুষ কর্তৃক বাংলাদেশে মৃত নারীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ পেয়েছে। সেখানে নারী ডোম থাকলে গোপনীয়তা ও মর্যাদা রক্ষা পাবে। সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো কারণে কোনও নারী মারা গেলে তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত থাকে। এমন পরিস্থিতিতে কোনো পুরুষ সদস্য তাদের পরিবারের প্রিয় নারী সদস্যের পোস্টমর্টেম করলে তা আরও হৃদয়বিদারক হয়। নারী ডোম থাকলে ওই দুঃসময়ে তারা একটু সান্ত্বনা পেতেন।
আরও পড়ুনএতে উল্লেখ করা হয়, ময়নাতদন্তের মতো জায়গায় নারী ডোম থাকলে ধর্মীয় বিষয় রক্ষা পাবে এবং বৈষম্য দূর হবে। আধুনিক সমাজে নারী রোগীদের বা মরদেহের সুরক্ষা নিশ্চিত করা যুগোপযোগী চাহিদা। মানবাধিকার সনদ অনুযায়ী মৃত্যুর পরও মানুষের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা জরুরি। মর্গে অনেক সময় পুরুষ ডোমের দ্বারা মৃত নারীর শরীরে বিকৃত যৌনাচারের ঘটনা ঘটেছে।
আবেদনে উদাহরণ হিসেবে বলা হয়, গত ২২ অক্টোবর ২০২৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা এক তরুণীর লাশের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে মর্গের ডোম আবু সাঈদকে (২৯) গ্রেফতার করা হয়। এছাড়া ২০ নভেম্বর ২০২০ সালে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে লাশের সঙ্গে যৌনাচারের অভিযোগে ডোম মুন্না ভগতকে (২০) গ্রেফতার করা হয়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহীওর এক মর্গ রক্ষী কেনেট ডগলাস (৬০) ১০০টি নারী লাশের সঙ্গে যৌন সম্পর্কের কথা স্বীকার করেছেন।
এসব বিষয় বিবেচনায় বাংলাদেশের যেসব হাসপাতালে পোস্টমর্টেম হয়, সেসব হাসপাতালে একজন নারী ডোম নিয়োগ এবং মহিলা লাশের সম্ভ্রম রক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে আবেদনে বলা হয়। তবে সে আবেদনে সাড়া না পাওয়ায় জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







