জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আয়োজনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল।
জুলাই সনদ নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এই বিভ্রান্তি ও বিতর্কের অবসান দরকার। আশা করি, সংবিধান সংশোধন পরিষদে বিরোধী দল যোগ দেবে এবং সংবিধানের যেসব বিষয়ে পরিবর্তন দরকার, তা করা হবে। সংসদের আলোচনার মাধ্যমে এর একটি সমাধান প্রয়োজন।
জীবনের এই পর্যায়ে নিজের শেষ ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, আমার শেষ বয়সে এটিই চাওয়া, যেন পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যেতে পারি। জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। দেশের মানুষের ওপর আস্থা ও বিশ্বাস রেখে আমরা একটি ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, বর্তমান সরকার সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের যে ক্ষতি করেছে, তা এই অল্প সময়ে পুরোপুরি শুধরে নেওয়া সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে।
মন্ত্রী আরো বলেন, আন্দোলন অনেক হয়েছে। এবার সংসদে আলোচনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা ব্যবস্থা চালু করা প্রয়োজন যাতে আর সহিংসতার পথে যেতে না হয়। সবকিছুতে বিরোধিতার মানসিকতা. থেকে বিরোধীদলকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








